বাংলাদেশের খবর

আপডেট : ০৬ February ২০২৪

ফেসবুকে বিদেশী নাগরিক সেজে নানা কৌশলে প্রতারণা


 চট্টগ্রাম প্রতিনিধি :

ফেসবুকে বিভিন্ন কৌশলে প্রতারণার ফাঁদ পাতে কিছু  চক্র আর সেই বিছানো প্রতারণার জালে আটকা পড়ে অনেকেই আর্থিক ও সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইদানিং কিছু প্রতারক চক্র নতুন এক কৌশল চালু করেছে সেইটা হলো বিদেশ থেকে দামি উপহার পাঠানো বা ব্যবসার অফার দিয়ে কিছু টাকা হাতিয়ে নেওয়া।

এই ধরনের প্রতারক চক্রের সদস্যরা প্রথমে নিজেকে ইউরোপ বা আমেরিকার নাগরিক পরিচয় দিয়ে বন্ধুত্ব গড়ে তোলে আর এই দেশের সাধারণ মানুষ লোভে পড়ে বা ফাঁদে পড়ে আটকে যায় তাদের বিছানো জালে । আর ওই সব চক্রের সদস্যদের মধ্যে বেশিরভাগ নারী। তারা প্রথমে নানা কৌশলে টার্গেটকে আকৃষ্ট করে,  নারী দেখে অনেকেই নারীসঙ্গ  পেতে কোন কিছু যাচাই না করেই পা বাড়ায় সম্পূর্ণ ধোঁয়াশা একটা গন্তব্যে ।

এই ধরণের ঘটনায় পরবর্তীতে প্রতারণার শিকার হয়ে টাকা পয়সা হারিয়ে অনেকেই শেষে আইনের আশ্রয় নেয়।

এভাবেই অভিনব কায়দায় একটি চক্র সহজ-সরল মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অর্থ আত্মসাৎ করছে। প্রতারণায় বিশ্বাসযোগ্যতা আনতে কখনও প্রতারক চক্র নিজেদের কাস্টমস কমিশনার পরিচয়ে, আবার কখনও বিদেশিদের ব্যবহার করছে।

অতীতে ঘটা এই ধরণের কিছু ঘটনা পর্যালোচনা করলে দেখা যায় এই দেশীয় কিছু প্রতারক চক্র বিদেশী সেজে ফেইক আইডি বানিয়ে মেয়ে সেজে নানা ভাবে প্রলুব্ধ করে । এই ব্যাপারে পুলিশ কর্মকর্তারা বলেন, সচেতনতা এবং সাবধানতার কোন বিকল্প নেই, বেশিরভাগ লোভী মানুষ প্রলুব্ধ হয়ে প্রতারক চক্রের ফাঁদে পা বাড়ায়।

একটি সূত্রে জানা গেছে, সম্প্রতি ইংল্যান্ডের নাগরিক পরিচয় দিয়ে এক নারী চট্টগ্রাম নগরের পাঁচলাইশের ইদারাতুল কুরআন মডেল হিফজ মাদ্রাসার শিক্ষক আইয়ুবুল ইসলামকে নক করেন ২০২৩ সালের ১৭ ডিসেম্বর। পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন চিকিৎসক পরিচয়দানকারী উইলিয়ামস স্মিথ। একপর্যায়ে গত ২৪ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন দাপে দামি উপহার বাংলাদেশে পাঠানোর কথা বলে ১০ লাখ ৭৪ হাজার টাকা হাতিয়ে নেন। এই ব্যাপারে গত ৩ ফেব্রুয়ারি পাঁচলাইশ থানায় আইয়ুবুল ইসলাম বাদি হয়ে প্রতারণার বিষয়ে একটি মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত উইলিয়ামস স্মিথ ভিকটিমের  হোয়াটস অ্যাপ নম্বর চাইলে তাকে হোয়াটস অ্যাপ নম্বর দেন । তখন ওই প্রতারক ফেইসবুক আইডি ব্যবহাকারী তার হোয়াটস অ্যাপ নম্বর +২২৯৫৯৭৯১৮৬৫ থেকে হোয়াটস অ্যাপ নম্বরে নক করে। আরো উল্লেখ করেন তাদের মধ্যে হোয়াটস অ্যাপে মাঝে মধ্যে যোগাযোগ হত। এরই ধারাবাহিকতায় ২১ জানুয়ারি উইলিয়ামস স্মিথ জানায় বাংলাদেশে ব্যবসা করবে। সেই সুবাদে উপহার হিসেবে ভুক্তভোগীর জন্য দুই লক্ষ ইউএস ডলার ও কিছু মালামাল সহ একটি পার্সেল পাঠিয়েছে। ২২ জানুয়ারি তার এ দেশের নারী সহযোগী বিমানবন্দর শুল্ক কর্মকর্তা কাস্টমস অফিসার পরিচয়ে ফোন করে বলেন, উনার নামে একটি পার্সেল বিমানবন্দরে এসেছে। পার্সেলটি সরবরাহ করতে কাস্টমস চার্জ হিসেবে ৪৫ হাজার টাকা বিকাশ বা ব্যাংক হিসাব নম্বরে পরিশোধ করতে হবে। ২২ জানুয়ারি বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের শাখা থেকে টাকাগুলো পাঠায়।

একটি সূত্র থেকে জানা যায়, প্রতারকচক্রটি ভুক্তভোগীকে আরো জানান, যেহেতু পার্সেলে অতি মূল্যবান সামগ্রী রয়েছে এবং এভাবে বিদেশ থেকে কোনো পার্সেল দেশে আনা আইনসিদ্ধ নয়, তাই চার্জ একটু বেশি দিতে হবে। ব্যবসায়িক ডকুমেন্টস, নকল টিন সার্টিফিকেট ও অন্যান্য কাগজ বানাতে অনেক অর্থের প্রয়োজন হবে তাই তারা ১০ লাখ ১৯ হাজার টাকা দাবি করে। সর্বশেষ ২৪ জানুয়ারি ৫ লাখ টাকাসহ ডাচ্ বাংলা ব্যাংক একাউন্ট নম্বর ০১৭৩৩৮১৬৪৪২০ তে মোট ১০ লাখ ৭৪ হাজার৩০০ টাকা পাঠায় বলে জানা যায় তবে এরপর তাদের দেওয়া পার্সেলটির কোন হদিস মিলেনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১