আপডেট : ০৮ February ২০২৪
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে চাঞ্চল্যকর স্ত্রী মুক্তি খাতুনকে (১৯) হত্যার দায়ে মো. মাসুদ (৪১) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এই রায় দেন। সাজাপ্রাপ্ত মো. মাসুদ তাড়াশ থানার আড়ংগাইল গ্রামের সুরুত আলীর ছেলে। নিহত মুক্তি একই উপজেলার শোলাপাড়া গ্রামের মোকসেদ আলী খানের মেয়ে। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. মুক্তার হোসেন জানান, আসামি এই মামলায় জামিনে ছিলেন। আজ রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত হন। আসামির উপস্থিতিতে আদালত এই রায় দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বরাত দিয়ে তিনি জানান, আসামী মো. মাসুদের সাথে ঘটনার ৫ মাস আগে ভিকটিম মুক্তি খাতুন এর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় ৩০ হাজার টাকা যৌতুক দেওয়ার কথা থাকলেও মুক্তির পরিবার বিয়ের সময় ১৩ হাজার টাকা পরিশোধ করেন এবং বাকি ১৭ হাজার টাকার জন্য ২ মাসের সময় নেন। নির্ধারিত সময়ে যৌতুকের বাকি টাকা পরিশোধ করতে না পারায় আসামী মাসুদ ভিকটিমকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে লাশ তার ঘরে ফেলে রেখে পালিয়ে যান। মুক্তার হোসেন আরও জানান, এরপর নিহত মুক্তির বাবা মোকসেদ আলী খান বাদি হয়ে ২০০৮ সালের ২৮ আগস্ট তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত করে মামলাটির চার্জশিট প্রদান করে পুলিশ। পরবর্তীতে ভিকটিম এর সুরতহাল প্রতিবেদন , ময়নাতদন্তের প্রতিবেদন এবং সাক্ষীগণের সাক্ষ্য দ্বারা আসামীর বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যার অভিযোগটি সন্দোহীতভাবে প্রমানীত হওয়ায় আদালত এই রায় দেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১