বাংলাদেশের খবর

আপডেট : ১৩ March ২০২৪

ফকিরহাটে বানিজ্যিকভাবে বারি-১২ জাতের বেগুন চাষে সাড়া ফেলেছে কৃষক


ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে বানিজ্যিকভাবে বারি-১২ জাতের বেগুন চাষে কৃষকের মাঝে ব্যপক সাড়া ফেলেছে কৃষক গৌরঙ্গ শীল। তিনি প্রথমবারের মতো বানিজ্যিকভাবে এ জাতের বেগুন চাষে সফলতা অর্জন করেছেন। তার এই সাফল্য দেখে অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন। আগামীতে ব্যপকভাবে কৃষকরা এর চাষ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষি কর্মকর্তরা।

ফকিরহাট কৃষি বিভাগ জানিয়েছেন, বিভিন্ন প্রকল্পের আওতায় উপজেলায় বানিজ্যিকভাবে বারি বেগুন-১২ চাষ কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আকারে বড় ও খেতে সুস্বাদু এ বেগুন চাষে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এবছর ৫০জন বানিজ্যিকভাবে এই বেগুনের চাষ শুরু করেছে। ইতোমধ্যে অনেক গাছে ফলন এসেছে। অন্যান্য বেগুনের চেয়ে এ জাতের বেগুনের দামও বেশি। বাজারে বিক্রি করে ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। একটি বেগুন প্রায় এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত হয়। উপজেলায় প্রায় এক’শ বিঘা জমিতে কৃষকরা বেগুন চাষ করছেন। ফলন ভালো ও বেশি দাম পাওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে।

পিলজংগ ব্লকের কৃষক গৌরঙ্গ শীল জানান, ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওয়তায় ৫০শতক জমিতে এই প্রথম বানিজ্যিকভাবে বারি-১২ বেগুন চাষ করেছেন। তিনি অন্য সবজি চাষের পাশাপাশি উপজেলা কৃষি বিভাগের পরামর্শে ও সহযোগিতায় বেগুন চাষ শুরু করেন। চারা লাগানোর তিন মাস পর থেকে তিনি এই বেগুন তোলা শুরু করেছেন। তার এই চাষ করতে প্রায় ৩৫হাজার টাকা খরচ হয়েছে। তিনি প্রায় আড়াই লাখ টাকার বেগুন বিক্রি করতে পারবেন বলে জানান। আগামীতে বৃহৎ পরিসরে এই বেগুন চাষ করবেন বলেও এই কৃষক জানান।

এছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস (সিসিএপি) এর আওতায় পিলজংগ ব্লকের কৃষক মোশারফ হোসেন, রজ্জব আলী, রফিকুল ইসলাম, আলমগী হোসেন, রহিম গাজী, বাহিরদিয়া ব্লকের কৃষক মনির শেখ, জাহাঙ্গির শেখ, মোতালেব শেখ, বেতাগা ব্লকের অহিদ শেখ, জাকির শেখ, মাহমুদ শেখ, কমলেশ পাল, বিনয় দাস, রবিউল শেখ, মুকুল দাসসহ অনেক কৃষক বানিজ্যিকভাবে এবছর বারি-১২ বেগুন চাষ করে লাভবান হয়েছেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল পাল জানান, এসব কৃষকদের পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে। বারী-১২ জাতের বেগুন চাষ লাভজনক। ভালো দাম ও প্রত্যাশার চেয়ে বেশি ফলন হওয়ায় অন্য কৃষকরাও এ বেগুন চাষে আগ্রহ দেখাচ্ছেন।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন বলেন, উপজেলায় এই প্রথমবারের মত বানিজ্যিকভাবে বারি-১২ জাতের বেগুন চাষ শুরু হয়েছে। বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষকরা এর চাষ করছেন। আকারে বড় এবং বাজারে চাহিদা থাকায় দাম ভাল পাওয়ায় কৃষকদের এর চাষে আগ্রহ বাড়ছে। কৃষি বিভাগ এসব কৃষকদের নানা পরামর্শসহ সকল প্রকার সহযোগিতা করছেন। পবিত্র রমজান মাসকে সামনে রেখে এই বেগুনের চাষ শুরু করেন কৃষকরা।

বাগেরহাট খামারবাড়ি কৃষি অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কমৃকর্তা আব্দুলাহ আল-মামুন বলেন, ফকিরহাটে বিভিন্ন প্রকল্পের আওতায় বারি-১২ বেগুনের চাষ হচ্ছে। পিলজংগ ব্লকের কৃষক গৌরঙ্গ শীল তিনি ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওয়তায় এর চাষ করছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সকল প্রকার সহযোগিতা করছেন। উপজেলা অন্যান্য প্রকল্পের আওতায় অনেক কৃষক বেগুনের চাষ করছেন। তিনি বলেন, প্রতিটি গাছে ৭ থেকে ৮ আট কেজি বেগুন হবে। এই বেগুন খেতে সুস্বাদু ও লাভজনক। আগামীতে অনেক কৃষক এর চাষে আগ্রহী হবেন বলে জানান এ কর্মকর্তা।

ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, কৃষিতে আমাদের অভাবনীয় সাফল্য রয়েছে কৃষিকে আরো বেগবান করতে হলে সকলের প্রচেষ্টা অত্যান্ত জরুরী। এ বছর অনেক কৃষকরা বানিজ্যিকভাবে বারি-১২ জাতের বেগুনের চাষ করেছেন। বাজারে এই বেগুনের চাহিদা রয়েছে। কৃষকরা বিক্রি করে ভাল দাম পাচ্ছেন। কৃষি বিভাগ কৃষকদের নানাভাবে সহযোগিতা করছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১