বাংলাদেশের খবর

আপডেট : ২০ March ২০২৪

ফকিরহাট হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা


ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকটে থাকায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। চিকিৎসক সংকটে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। প্রতিদিন বহির বিভাগ ও জরুরি বিভাগের বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এলাকাবাসী জানায়, উপজেলার হাজার হাজার মানুষের চিকিৎসার ভরসাস্থল ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স হলেও জনবলসহ অন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি না করায় অন্তহীন সমস্যায় হাবুডুবু খাচ্ছে চিকিৎসা সেবা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এই হাসপাতালটি ৩১ শয্যা থেকে বর্তমানে ৫০ শয্যায় উন্নীত হয়েছে। নির্মিত ৫০ শয্যা ভবনটি সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন গত ৮ জুন-২০১১ইং এর শুভ উদ্বোধন করেন। বর্তমানে নানাবিধ রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে রোগীদের ভীর বেড়েছে। প্রতিদিন অত্র উপজেলা সহ আশপাশ অঞ্চলসমূহ থেকে শত শত রোগী আসেন এই হাসপাতালে। অনেক সময় হাসপাতালে শয্যা স্বল্পতার কারণে আগত রোগীরা নিরুপায় হয়েই মেঝেতে শুয়ে চিকিৎসা সেবা নিতে হয়।

আগত অনেক রোগীর সাথে অল্পকালে তারা জানান, চিকিৎসক সংকটের কারণে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। অনেক সময় অপেক্ষা করে তারপর চিকিৎসা সেবা নিতে হয়। অনেক সময় রোগীরা বাধ্য হয়ে অন্যত্র চলে যান। এছাড়াও হাসপাতালে নানান সমস্যার কথা তুলে ধরেন তারা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসার ব্যতীত অন্য পদগুলো জনবল সংকট রয়েছে। ৫০শয্যা হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট থাকার নিয়ম রয়েছে ১৪জন। সেখানে আছেন মাত্র ৯জন। ৫টি জন শূন্য রয়েছে। এছাড়া সহকারী সার্জ/মেডিকেল অফিসার থাকার কথা ১৯জন কিন্তু সেখানে বর্তমানে আছেন ১১জন। এদিকে দুইজন স্বাস্থ্য পরিদর্শক পদ দুইজনই শূন্য। সহকারী স্বাস্থ্য পরিদর্শক থাকার নিয়ম রয়েছে ৬জন সেখানে আছেন মাত্র ৪জন। অপরদিকে স্বাস্থ্য সহকারীর ২৯ জনের মধ্যে ১৬ শূন্য।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকট চলছে। ফলে রোগীদের চিকিৎসাসেবা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হয়। তারপরও চিকিৎসক সংকটের মাঝেও সাধ্যমতো প্রতিদিন আউটডোর এবং ইমার্জেন্সিতে রোগীদের সেবা দিয়ে আসছি। ‘স্বল্প জনবল দিয়েই আমরা আন্তরিকতার সাথে রোগীদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। রোগীদের চাপ সামলাতে সব শূন্য পদে চিকিৎসক ও জনবল দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এসব শূন্যপদ পূরণ করা হলে রোগীদের উন্নত সেবা দেওয়া সম্ভব হবে বলে তিনি মনে করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১