বাংলাদেশের খবর

আপডেট : ২১ March ২০২৪

এক বছরের মাথায় ভিয়েতনামের প্রেসিডেন্টের পদত্যাগ 


আন্তর্জাতিক ডেস্ক: 

ক্ষমতায় আসার এক বছরের মাথায় ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র গ্রহণ করেছে তার দল ভিয়েতনামিজ কমিউনিস্ট পার্টি। গতকাল বুধবার (২০ মার্চ) দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

কমিউনিস্ট পার্টির বরাতে প্রতিবেদনে বলা হয়, থুং দলের নীতি ভঙ্গ করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দল সম্পর্কে জনমতে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে দলের পাশাপাশি দেশ ও তার নিজেরও সুনাম ক্ষুণ্ন হয়েছে।

৫৩ বছর বয়সী ভো ভ্যান থুং এক বছর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। একদলীয় শাসনব্যবস্থার দেশ ভিয়েতনামে প্রেসিডেন্টের পদটি আনুষ্ঠানিকমাত্র। এটি দেশটির শীর্ষ চারটি পদের একটি। দল ও শাসনসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে দলের কেন্দ্রীয় কমিটি দ্য সেন্ট্রাল পার্টি কমিটি।

থুংয়ের অপরাধ বা ত্রুটিগুলো কী, তা বিবৃতিতে স্পষ্ট করা হয়নি। তবে এর সঙ্গে দেশটিতে সম্প্রতি ব্যাপকভাবে শুরু করা ঘুষবিরোধী অভিযানের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দলের পক্ষ থেকে একে দুর্নীতিবিরোধী অভিযান বললেও অনেকেরই দাবি, এ অভিযান মূলত দলের অন্তর্গত দ্বন্দ্বের কারণে শুরু করা হয়েছে।

/আসিফ


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১