আপডেট : ৩০ April ২০২৪
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় শিশুটির বিবস্ত্র লাশ বাড়ির অদূরে ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এসব তথ্য জানিয়েছেন। নিহত শিশু তাজরিন সুলতানা ঝুমুর (৯) উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খিলপাড়া গ্রামের জাকির হোসেনের একমাত্র মেয়ে। সে স্থানীয় সোনালী শিশু বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণির ছাত্রী। ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। স্থানীয় ইউপি সদস্য মো. মজিব জানান, বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। এই বয়সের একটা ছোট্ট শিশুর এমন নির্যাতনের শিকার হওয়া কোনো ভাবেই আমরা এলাকাবাসী মেনে নিতে পারছি না। সঠিক তদন্তের মাধ্যমে আমি এর বিচার দাবি করছি। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, আমরা লাশের সুরতহাল সংগ্রহ করেছি। প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমাদের তদন্ত চলছে।
ঝুমুরের মা রাজিয়া সুলতানা বলেন, প্রতিদিনের মতো সোমবার সকালেও আমার মেয়েকে নিজ হাতে ভাত খাইয়ে স্কুলে পাঠাই। কিন্তু স্কুল ছুটির অনেক সময় পার হয়ে যাওয়ার পরও ঝুমুর বাড়িতে না আসায় চারদিকে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে আমি সদর দক্ষিণ থানায় জিডি করতে রওনা দেই। অর্ধেক রাস্তা যাওয়ার পর খবর পাই আমার মেয়েকে রাস্তার পাশের ধানক্ষেতে মৃত অবস্থায় পাওয়া গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১