বাংলাদেশের খবর

আপডেট : ০৩ May ২০২৪

নাটোরে কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি

দেশের “তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ খেলোয়াড় বাছাই শুরু


নাটোর প্রতিনিধি:

তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং প্রশিক্ষণের মাধ্যমে ক্রীড়া মেধার পরিশীলন, পরিস্ফুটন ও উন্নয়ন, সর্বোপরি সামগ্রিক ভাবে দেশের ক্রীড়ার মান উন্নয়নরে লক্ষ্যে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর উদ্যোগে সারা দেশের সকল জেলায় “তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০২৪ এর অধীনে জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি শুরু হয়েছে ।

এ উপলক্ষে শুক্রবার সকালে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্ট্যেডিয়াম মাঠে জেলা প্রশাসক ও নাটোর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু নাছের ভুইঞা এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, (বিকেএসপি) এর কোচ ক্রিকেট এর দলনেতা আসাদুল ইসলাম টুটুল, জাতীয় দলের সাবেক খেলোয়াড় সোহেল রেজা, তানভীর চৌধুরী, স্থানীয় কোচ ক্রিকেট এর দলনেতা টুলুসহ বিভিন্ন ক্রীড়া বিভাগের কোচ এবং দলনেতা বৃন্দ।

আয়োজক সংস্থা (বিকেএসপি) এর সূত্রমতে জানা যায়, সারা দেশের সকল জেলায় “তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০২৪ এর অধীনে রাজশাহী-রংপুর, খুলনা-বলিশাল, ঢাকা-ময়মনশিংহ এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগ এই চারটি জোনে গত ১৭ এপ্রিল পঞ্চগড় জেলা থেকে জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি শুরু হয়ে ১৪ তম জেলা নাটোর ৩ মে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। আগামী ০৫-০৫-২০২৪ তারিখ পর্যন্ত প্রত্যেক জেলায় এ বাছাই কর্মসূচি শেষ হবে। ইতোমধ্যে বাছাইয়ের তারিখ ও স্থানের তালিকা প্রকাশ করা হয়েছে।

এ কার্যক্রমের অধীনে ২১টি ক্রীড়া বিভাগের আর্চারি, এ্যাথেলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শ্যুটিং, তায়কোয়ান্দো, টেবিল টেনিস, ভলিবল, উশু, স্কোয়াস ও কাবাডি খেলায় অনূর্ধ্ব ১০-১৩ বৎসর এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় অনূর্ধ্ব ৮-১২ বৎসর বয়সী ছেলে এবং মেয়ে খেলোয়াড় নির্বাচন করা হবে।

নির্বাচিত খেলােয়াড়দের বিকেএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে প্রথমে ১ মাস মেয়াদের ১টি এবং পরবর্তীতে ২ মাস মেয়াদের ১টি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে। দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নির্ধারিত ছক অনুযায়ী খেলােয়াড়দের বয়স যাচাই, শারীরিক যােগ্যতা ও সংশ্লিষ্ট খেলার পারদর্শিতার বিষয়ে বাছাই পরীক্ষা সম্পন্ন করবেন। প্রাথমিক বাছাই পরীক্ষায় সারাদেশ হতে নির্বাচিত ১০০০ জন খেলোয়াড়কে বিকেএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে ১ মাস মেয়াদের প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রথম পর্যায়ের প্রশিক্ষণ গ্রহণকারী ১০০০ জন খেলােয়াড়ের মধ্য থেকে ৪০০ জনকে বাছাই করে পুনরায় ২য় পর্যায়ে বিকেএসপিতে (ঢাকা) এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে নিরবচ্ছিন্নভাবে ২ মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক থাকা, খাওয়া, যাতায়াত খরচ, ট্র্যাকস্যুটসহ প্রয়ােজনীয় ক্রীড়া সাজসরঞ্জাম প্রদান করা হবে। প্রশিক্ষণে সফল খেলোয়াড়দের সার্টিফিকেট প্রদান করা হবে। খেলোয়াড় বাছাইকৃত ফলাফল ৭ মে এর পর থেকে বিকেএসপির নিজস্ব ওয়েবসাট লগইন করে পাওয়া যাবে। উল্লেখ্য, বাছাই পরীক্ষার সময় আনলাইন নিবন্ধনকৃত কপি এবং জন্মনিবন্ধন সাথে আনতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১