আপডেট : ২৫ May ২০২৪
নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলায় জন্মগ্রহণ করে যারা নড়াইলকে ধন্য করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন উপমহাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক ডা নীহার রঞ্জন গুপ্ত। এ মহান ব্যক্তির স্মৃতি, ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখার জন্য নড়াইল জেলার লোহাগড়া উপজেলার সুধিজনেরা লোহাগড়ায় নীহাররঞ্জন গুপ্তের নামে একটি ফাউন্ডেশন গঠন করেছেন। নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে আহবায়ক, সুজন রহমানকে সদস্য সচিব, এস এম আকরাম শাহীদ চুন্নুকে সমন্বয়ক, শেখ মনিরুজ্জামান ও বিপ্লব রহমানকে সংগঠক করে ২৩ সদস্য বিশিষ্ট নীহার রঞ্জন গুপ্ত ফাউন্ডেশন গঠন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ মে) বিকালে উপজেলার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের হলরুমে নড়াইল জেলা সংস্কৃতি উন্নয়ন পরিষদের আহবায়ক অধ্যক্ষ মোঃ রওশন আলীর সভাপতিত্বে একটি সভা হয় । সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম, লোহাগড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ উত্তম কুমার দত্ত, নড়াইল জেলা কালচারাল অফিসার হামিদুর রহমান, বিশিষ্ট লোক সংস্কৃতি সংগঠক স্বপন গুহ, বিশিষ্ট লোক সংস্কৃতি সংগঠক এস এম আকরাম শাহীদ চুন্নু, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আতাউর রহমান ফিরোজ, বীর মুক্তিযোদ্ধা মিনা রাজিব উদ্দিন আহম্মদ, চিত্রশিল্পী আলী আজগর রাজা, নারায়ন চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। সভায় সর্বস্মতিক্রমে উপরেউল্লেখিত কমিটি গঠিত হয়। নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে ১৯১১ সালের ৬ জুন প্রখ্যাত ঔপন্যাসিক ডা নীহার রঞ্জন গুপ্ত জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সত্য রঞ্জন গুপ্ত ও মায়ের নাম লবঙ্গলতা দেবী। ১৯৮৬ সালের ২০ ফেব্রুয়ারি তিনি কোলকাতায় মৃত্যুবরণ করেন। তিনি 'লালুভুলু, উত্তর ফাল্গুনী, হাসপাতাল, কালনাগসহ দুই শতাধিক ঔপন্যাস রচনা করে গেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১