আপডেট : ২৫ May ২০২৪
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় এলাকাবাসী মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি প্রার্থী রাসেলসহ ৪ জনকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। শনিবার (২৫ মে) ভোরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট কাজিরগাঁও গ্রামে এ চুরির ঘটনা ঘটে। আটককৃতরা হলো- মোগরাপাড়া ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি প্রার্থী মো. রাসেল (২৬) ও জেলার রূপগঞ্জ উপজেলার মঙ্গলখালী গ্রামের মৃত মামুনের ছেলে রুবেল (২৪), মৃত রজব আলীর ছেলে শামিম (২০) ও বানিয়াদি গ্রামের মৃত হামিদের ছেলে বিল্লাল (৩৮)। এ ঘটনায় নারায়ণগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতি-১ চেঙ্গাইনের সহকারী ব্যবস্থাপক ঐক্যতান ই দেলশাদ বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন। এলাকাবাসী মাইনুদ্দিন জানান, শনিবার ভোরে বিদ্যুতের সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করে ৩৭.৫ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমারটি একটি খুঁটি থেকে নামানোর সময় এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে ফেলে। এসময় ছোট কাজিরগাঁও গ্রামের সিএনজি চালক হুমায়নের ছেলে শরীফ (৩৫) দ্রুত পালিয়ে যায়। চুরি করা ট্রান্সফরমারসহ রাসেল, রুবেল, শামিম ও বিল্লালকে আটক করে জনতা গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে চোরদের আটক করে থানায় নিয়ে যায়। এলাকাবাসী জানান, এই প্রচণ্ড গরমের মধ্যে ২-৩ মাস ধরে একটি চোরের দল রাতের অন্ধকারে মূল্যবান বৈদ্যুতিক ট্রন্সফরমার চুরি করে নিয়ে যাচ্ছে। আর সাধারণ মানুষেরা ভোগান্তির শিকার হচ্ছেন। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁও পুলিশের এসআই মো. শামীম আল মামুন জানান, বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরদের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে এবং আদালতে তাদের পাঠিয়ে দেয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১