আপডেট : ০১ June ২০২৪
নিজস্ব প্রতিবেদক: যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল বলেন, যশোর – খুলনার এলাকার ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য বর্তমানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। এর মধ্যে কিছু কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। ভবদহ এলাকায় ভবিষ্যতে কোনো ধরনের জলাবদ্ধতা না থাকে সেজন্য আমি জাতীয় সংসদে বক্তব্য রেখেছি। তাছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছি। যশোরের অভয়নগর উপজেলার প্রাণ ভৈরব নদী। এই নদীকে কেন্দ্র করে অর্থনৈতিক কার্যক্রম এগিয়ে চলেছে। এই নদীর কূল ঘেঁষে গড়ে উঠেছে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। ফলে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে। এলাকার মানুষের কর্মসংস্থান হয়েছে। কিন্তু ভৈরব নদীর নাব্যতা বজায় রাখতে হবে। দুই পাড় রক্ষা করতে হবে। দখলদাররা যেন ভৈরবের নদীবক্ষ দখল করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। নওয়াপাড়া পৌর সভার সাবেক মেয়র এনামুল হক বাবুল আরও বলেন, যেহেতু অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা যশোরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এলাকা, তাই বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার যশোরের অভয়নগর উপজেলায় একটি অর্থনৈতিক প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠা করেছে। এটার কার্যক্রম আরও গতিশীল করতে উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে এই ইপিজেডে এলাকার বহু লোকের কর্মসংস্থান হবে। রাজধানীস্থ অভয়নগর সমিতি-ঢাকা’র উদ্যোগে গতকাল শুক্রবার এক ‘প্রীতি সম্মেলন ও সংবর্ধনা’র আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. অসীত বরণ অধিকারী। স্বাগত বক্তব্য দেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম মাসুদ আহমেদ। সভাটি পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী প্রীতি সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক জাহিদুর রহমান মিলন। উপস্থিত ছিলেন সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর সচিব মো. ওমর ফারুক, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য কানন কুমার রায় এবং অভয়নগর সমিতির ঢাকা’ র সদস্য সচিব পুলিশ কর্মকতা ফারাজি বুলবুল রেজা। আরও উপস্থিত ছিলেন মেহেদী আল মামুন, ব্যবসায়ী আলমগীর সরকার, বিএম মুরাদ হোসেন, আশরাফুল আলম পলাশ, অজিত কুমার মহলদার, ডাক্তার কৃষ্ণ পদ সাহা, আবুল হাসান, তাপস কুমার দাস, এফএম নুরউদ্দীন, মঈনুল ইসলাম ও লাবনী মমতাজ। অনুষ্ঠানে সম্প্রতি এসএসসি পাশ করা যশোরের শিক্ষার্থী এবং গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। ঢাকাস্থ অভয়নগরবাসী তাদেরকে সংবর্ধনা দেয়। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও ছিল।
অভয়নগর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল আরও বলেন, ব্যবসাকেন্দ্র নওয়াপাড়া। এখানে নওয়াপাড়া নদীবন্দর আছে। এই নদীবন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে নৌ মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, ইতিমধ্যে অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা এবং বসুন্দিয়ার অধিকাংশ এলাকা মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। শতভাগ মাদকমুক্ত করে এলাকার তরুণদের খেলাধূলার সাথে সম্পৃক্ত করার চেষ্টা চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১