বাংলাদেশের খবর

আপডেট : ২৪ June ২০২৪

ছাতকে উত্তর সুরমা ও দক্ষিণ ছাতক পৃথক উপজেলা বাস্তবায়নের দাবি


ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

শিল্প নগরী ছাতককে নিয়ে আরো দুইটি উপজেলা বাস্তবায়নের দাবি তুলেছেন উত্তর ছাতক ও দক্ষিণ ছাতক এলাকার জনসাধারণ। তারা উত্তর সুরমা উপজেলা ও দক্ষিণ ছাতক উপজেলা নামে দুইটি উপজেলা বাস্তবায়ন দাবি করে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেছেন। উত্তর সুরমা উপজেলা বাস্তবায়নের পক্ষে মতামত সহ যুক্তি ও সমর্থনের কথা তুলে ধরে মোহাম্মদ এনামুল হক বলেনঃ শিল্প নগরী ছাতকের ঐতিহ্যবাহী জনপদ উত্তর সুরমা।

ইতিহাস, ঐতিহ্য, পর্যটন শিল্প ও উপ মহাদেশের প্রাচীন- তম শিল্প সমৃদ্ধ ঐতিহাসিক এক জনপদ উত্তর সুরমা। ছাতক ও দোয়ারা বাজার উপজেলার একাংশ অঞ্চলের এই জনগণ যুগ-যুগ ধরে অবহেলিত ও বঞ্চিত। সময়ের প্রয়োজন ও জনগণের নাগরিক সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে আমরা ঐতিহ্যবাহী জনপদ উত্তর সুরমা উপজেলা বাস্তবায়নের দাবি করছি। উপ মহাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী ছাতক সিমেন্ট ফ‍্যাক্টরী, মাল্টিন‍্যাশনাল লাফার্জ সিমেন্ট ফ‍্যাক্টরী, প্রাইম সিমেন্ট ফ‍্যাক্টরী, প্রস্তাবিত জালালাবাদ সিমেন্ট ফ‍্যাক্টরী, সৌদি আরব সরকারের প্রস্তাবিত আল রাজি সিমেন্ট ফ‍্যাক্টরী উত্তর সুরমায় অবস্থিত। সে হিসেবে যেকোনো এলাকা থেকে উত্তর সুরমা গুরুত্ব বহন করে। মহান মুক্তিযুদ্ধের অন‍্যতম প্রধান সেক্টর উত্তর সুরমায় হওয়ায় মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত বর্তমানে পর্যটন এলাকা ঐতিহাসিক বাঁশতলা-হক নগর উত্তর সুরমায় অবস্থিত। এ অঞ্চল উজান থেকে নেমে আসা চেলা, মরা চেলা ও আমাদের সুরমা নদীর মিলন মোহনা পর্যটনে অপার সম্ভাবনাময় এলাকা হিসেবে প্রতিষ্ঠিত।

প্রস্তাবিত অর্থনৈতিক জোন উত্তর সুরমার ইসলামপুর ইউনিয়নে হওয়ার কারনে উত্তর সুরমা দেশের বিশেষায়িত গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। শুধু তাই নয় ইসলামপুর ইউননিয়নের হাদা পান্ডব এলাকায় অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার কারনে ভারতের সেভেন স্টার (পাশ্ববর্তী সাতটি রাজ‍্য) এর সাথে উত্তর সুরমার সেতুবন্ধন তৈরি হতে যাচ্ছে। বর্তমান ছাতক উপজেলার সবচেয়ে বেশি বালু ও জলমহাল উত্তর সুরমার ইউনিয়ন গুলোতে অবস্থিত হওয়ায় এর গুরুত্ব অনেক বেশি। প্রস্তাবিত ইছামতি স্থল বন্দর উত্তর সুরমা এলাকায় অবস্থিত হওয়ায় সব দিক থেকে উত্তর সুরমা গুরুত্ব বহন করে। বাউল সম্রাট দূর্বিণ শাহ উত্তর সুরমাকে সাহিত্য সাংস্কৃতিতে করেছেন সমৃদ্ধ। প্রস্তাবিত উপজেলার ভৌগোলিক আয়তনঃ ১) বর্তমান নোয়ারাই ইউপিকে পৃথক করে প্রস্তাবিত চৌমুহনী ইউনিয়ন।, ২)নোয়ারাই ইউনিয়ন, ৩) ইসলামপুর ইউনিয়ন, ৪) বর্তমান ইসলামপুর ইউপিকে পৃথক করে প্রস্তাবিত ইছামতি ইউনিয়ন, ৫) নরসিংপুর ইউনিয়ন

৬) বাংলা বাজার ও নরসিংপুর ইউনিয়নের একাংশ নিয়ে প্রস্তাবিত বালিউরা ইউনিয়ন, ৭) বাংলা বাজার ইউনিয়ন এই সাত ইউনিয়নের ভৌগলিক আয়তন নিয়ে আমরা উত্তর সুরমাবাসী দীর্ঘদিনের অবহেলা বঞ্চনার অবসান ঘটাতে অবিলম্বে " উত্তর সুরমা উপজেলা" দাবি করছি। এখন থেকে উত্তর সুরমা উপজেলা বাস্তবায়নের দাবিতে জনমত গঠন ও খুব শীঘ্রই দল মত নির্বিশেষে সর্বজন শ্রদ্ধেয় মুরব্বিদের নিয়ে উপজেলা বাস্তবায়ন কমিটি গঠনের লক্ষ নিয়ে কাজ শুরু করা হয়েছে। এদিকে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন কমিটি অনেক আগেই গঠন করা হয়েছে। দক্ষিণ ছাতকে একটি উপজেলা বাস্তবায়ন নিয়ে লিখেছেন, রুহুল করিম শিবলু দক্ষিণ ছাতক উপজেলা আমাদের প্রাণের দাবী। ছাতক উপজেলার মানচিত্রের দিকে সুক্ষ্মভাবে তাকিয়ে চিন্তা করলে দেখতে পাবেন-পুরো ছাতক উপজেলাকে উত্তর-দক্ষিণ দুই ভাগে ভাগ করে দুটি উপজেলা করতে পারলে তখন ছাতক বাসী প্রায় সমান সুযোগ-সুবিধা পেতে পারেন। যেহেতু উত্তর দিকে ছাতক উপজেলা রয়েছে, এখন দক্ষিণ দিকে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন হলেই তা সম্ভব।

আপনারা একটু চিন্তা করে দেখেন একজন মানুষ যখন ছাতকের দক্ষিণ প্রান্ত থেকে জরুরি প্রয়োজনে উপজেলায় যেতে চান তখন উনার কতটুকু সময় নিয়ে বের হতে হয়, এরপরেও অনেকে সময়মতো পৌঁছাতে পারেন না। এছাড়াও যোগাযোগ সমস্যা সহ অতিরিক্ত যাতায়াত খরচতো আছেই। এভাবে অনেকেই নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই ছাতক উপজেলাকে ভাগ করে আরেকটি উপজেলা এমন জায়গায় করা উচিৎ যাতে সবার প্রায় সমান সুযোগ সুবিধা হয় এবং একটি উপজেলাকে দুইভাগ করা সবার জন্য যেন ফলপ্রসূ হয়। আপনারা একটু খেয়াল করলে দেখবেন দক্ষিণ ছাতকে ডিগ্রি/অনার্স কলেজ রয়েছে, কামিল (এমএ) মাদ্রাসা রয়েছে, স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, পুলিশ ফাঁড়ি রয়েছে। এছাড়াও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান সহ একটি উপজেলা বাস্তবায়নের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। এখন যদি জালালপুর-লামা রসুলগঞ্জ রাস্তা, সিরাজগঞ্জ-রাউলী-কাটাশলা-মঈনপুর রাস্তা, লাকেশ্বর-ছৈলা-শরিষপুর রাস্তা, বুরাইয়া-আলমপুর রাস্তা সহ এরকম গুরুত্বপূর্ণ রাস্তাগুলো সংস্কার করা হয় তাহলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে।

এরপর ছাতকের দক্ষিণ দিকে একটি উপজেলা বাস্তবায়নের জন্য আর কোন বাধা আমি বা আমরা দেখি না। দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের জন্য অত্র এলাকার অনেক শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সামাজিক ব্যক্তিত্ব সহ অসংখ্য গুণীজন অনেক বছর ধরে পরিশ্রম করে যাচ্ছেন। অনেকেই মনের মধ্যে কষ্ট নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে পরপারে চলে গেছেন। এতদঞ্চলের ৬টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ ছাতক উপজেলা গঠন এলাকার মানুষের প্রাণের দাবী, এটা সময়ের দাবী। তাই সবদিক বিবেচনা করে দক্ষিণ ছাতক উপজেলা প্রতিষ্ঠা করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় বিবেচনার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১