বাংলাদেশের খবর

আপডেট : ০১ July ২০২৪

কিশোরগঞ্জে কলেজ ছাত্র হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে


কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কলেজছাত্র শরীফ খান হত্যা মামলায় পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুছলেহ উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।সোমবার ১ জুলাই হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান মোঃ মুছলেন উদ্দিন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ আত্মসমর্পণ করলে বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মোঃ মুছলেহ উদ্দিন পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি ঐ ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু নাসের মো. ফারুক সংবাদ মাধ্যম কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ২৬ এপ্রিল উপজেলার পোড়াবাড়িয়া মেলা বাজারে গানের অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাকুন্দিয়া উপজেলার কোষাকান্দা গ্রামের শরীফ খান নামে এক কলেজছাত্র নিহত হন। ওই ঘটনায় ২৭ এপ্রিল নারান্দী ইউপি চেয়ারম্যান মো. মুছলেহ উদ্দিনসহ ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা হয়।

নিহত কলেজ ছাত্রের বাবা আবুল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ওই ইউপি চেয়ারম্যান। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি কিশোরগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১