বাংলাদেশের খবর

আপডেট : ৩০ July ২০২৪

জনসাধারণের দুর্ভোগ

কাহালুতে এলজিইডি'র ১৭ কোটি টাকার বিভিন্ন রাস্তার প্রকল্পের কাজ থমকে আছে


কাহালু ( বগুড়া) প্রতিনিধি:

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর এলজিইডি ও সড়ক ও জনপদ বিভাগ (সওজে)'র আওতাধীন বগুড়ার কাহালুতে বেশ কিছু রাস্তা সংস্কার, পাকাকরণ সহ প্রশস্তকরণের কাজ থমকে থাকায় গ্রামীণ জনপদের চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এসব জনপদের মানুষ। সংশ্লিষ্ট বিভাগের উদাসীনতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ি করছেন এলাকাবাসী। প্রকল্প গুলো হচ্ছে কাহালু ইউপি দুর্গাপুর জিসি ভায়া পাইকপাড়া হাটুরপাড়া অংশের ৯৫৫ মিটার রাস্তা ২০২২/২৩ অর্থ বছরের বরাদ্দ হলেও মনির এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘ দিন ধরে কাজ ফেলে রেখেছেন। রাস্তাটির প্রাক্কলিত ব্যয় ৯৩ লাখ ৮৬ হাজার টাকা।

কাহালু ইউপি হেড কোয়ার্টার টু নন্দীগ্রাম জিসি ভায়া ভাটগ্রাম কাহালু অংশ ১৪. ৮ কিলোমিটার রাস্তাটির দুই ধার প্রশস্তকরণের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৩৮ লাখ টাকা। এটি ২০২১/২২ অর্থ বছরের বরাদ্দ। এই প্রকল্পটি ঠিকাদারি প্রতিষ্ঠান খায়রুল কবির রানা। দীর্ঘদিন ধরে রাস্তায় দুই ধার প্রশস্তকরণে মাটি খু্ড়ে রেখেছে এবং কিছু অংশে ইট গেঁথে রেখেছে । কিন্তু রাস্তা প্রশস্তকরণের কাজ মন্থরগতিতে চলছে। এছাড়া ২ কিলোমিটার কলমা রাস্তাটি পাকাকরণের জন্য ২ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ হলেও এই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কন্সট্রাকশন। কাজের সময়সীমা ১৫ জুলাই /২৪ইং তারিখে পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কাজ হয়নি।

বীরকেদার ইউনিয়নের অবিলম্ব গ্রামে কাজিপাড়া - কালাই কর্নিপাড়া রাস্তার সংযোগ রাস্তা অবিলম্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৪৫০ মিটার রাস্তা পাকাকরণের কাজ থমকে আছে। এই রাস্তাটি ২০২২/২৩ অর্থ বছরের বরাদ্দ হলেও রাশেদ কন্সট্রাকশন নামের ঠিকাদার প্রতিষ্ঠানটি রাস্তার বেডে ইটের খোয়া বিছিয়ে রেখে কাজ ফেলে আসায় গ্রামবাসীর চলাচলে দুর্ভোগ চরমে উঠেছে। একইভাবে জামগ্রামের সোনারপাড়া - লহরাপাড়া ১ হাজার ৩ শ মিটার রাস্তার পাকাকরণের কাজ থমকে আছে।

এ প্রকল্পটি ২ কেটি ৩ লাখ টাকা ব্যয়ে ২০২১/২২ অর্থ বছরের বরাদ্দ হলেও রাস্তাটির ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস সুমন এন্টারপ্রাইজ দীর্ঘ দিনেও কাজ সম্পন্ন না করে কাজ ফেলে আসে। এছাড়া সড়ক ও জনপদ বিভাগের আওতায় কাহালু উপজেলা সদরের চারমাথা হতে খাড়িয়া নিসিন্দারা ধানপুজা নন্দীগ্রামের নিমাইদীঘি চৌরাস্তা পর্যন্ত রাস্তা, তালোড়া থেকে ধলাহার হরিপুর ভায়া নিমাইদীঘি চৌরাস্তার শিতলাই পর্যন্ত রাস্তা দীর্ঘ দিনেও সংস্কার না হওয়ায় জনসাধারণের চলাচলে দুর্ভােগের সৃষ্টি হয়েছে।

এই রাস্তার বেশিরভাগ স্থানে কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হওয়া ও পাকাকরণ না হওয়ায় জনসাধারণের চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। সংস্কার অভাবে রাস্তা গুলো বেহাল দশায় পরিনত হওয়ার জনসাধারণের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহ মাসুদ হাসান রঞ্জু জানান, এই রাস্তাটি সড়ক ও জনপদ বিভাগের আওতায় বিগত দুই দশক আগে কার্পেটিং করে পাকাকরণ করা হলেও সংস্কার অভাবে রাস্তাটি নষ্ট হয়ে জনসাধারণের চলাচলের একেবারে অনুপযোগি হয়ে পড়েছে। রাস্তাটি সংস্কার হওয়া প্রয়োজন। এই রাস্তা দিয়ে ভারি কোন যানবাহন চলাচল না করলেও প্রতিদিন ইজিবাইক ও ব্যাটারি চালিত ভ্যানে নন্দীগ্রাম,কাহালু ও দুপচাঁচিয়া তালোড়া জনপদের মানুষ বিভিন্ন কাজে কাহালু ও নন্দীগ্রামে যাতায়াত করে থাকে।

রাস্তাটির ৯০ শতাংশ স্থানে কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় জন সাধারণ এই রাস্তা দিয়ে চলাচল করছে। বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে চলাচলে দুর্ভোগ আরো বেড়ে যায়। গ্রামীণ জনপদের জীবন যাত্রা বদলে দিতে ও গ্রামকে শহরে রুপান্তরিত করতে বর্তমান সরকার রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন মূলুক কর্মকান্ড স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি'র) মাধ্যমে বাস্তবায়ন করলেও কাহালু উপজেলায় প্রায় ১৭ কোটি টাকার এসব প্রকল্পের কাজ থমকে আছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান জানান, এসব প্রকল্পের কাজ সম্পন্ন করতে ঠিকাদারদের বারবার তাগাদা দেয়া হলেও ঠিকাদাররা কাজের প্রতি গুরুত্ব দিচ্ছেন না। মন্থরগতিতে কাজ চলছে। জনদুর্ভোগ লাঘবে এসব প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদারদের বলা হয়েছে। তবে একজন ঠিকাদারের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলে কথা বলা সম্ভব হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১