আপডেট : ০৩ August ২০২৪
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টা থেকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার পল্লি বিদ্যুৎ মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে উপজেলার বিভিন্ন স্কুলকলেজের শত শত শিক্ষার্থী উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার পল্লি বিদ্যুৎ মোড়ে এসে জড় হয়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে।সংঘর্ষের এক পর্যায়ে শিক্ষার্থীরা দুটি পুলিশ বক্সে আগুন দেয় এবং একটি গাড়িতে ভাঙচুর চালায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গণমিছিলে টিয়ারশেল নিক্ষেপ করে এবং আন্দোলন শিক্ষার্থীদের উপর গুলি চালায়। এতে ১০-১৫ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ হয়ে একজন শিক্ষার্থী মারা যায়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তাতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ছাত্র আন্দোলনের সমন্বয়ক পিয়ার আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী সারফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। পিয়ার আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী আল নূর বলেন, সারা দেশে ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশ বাহিনী অন্যায়ভাবে সাধারণ শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের নির্মমভাবে পিটিয়ে ও গুলি করে গণহত্যা চালিয়েছে। এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমে এসেছি।একই কলেজের শিক্ষার্থী সুচি আক্তার বলেন, ‘সারা দেশে কতটা নির্মমভাবে নারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে নির্যাতন করেছে। সারা দেশে হাজার হাজার সাধারণ শিক্ষার্থী নিহত-আহত হয়েছে। অনেক শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অসংখ্য মেধাবী শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। আমরা এ ধরনের কাজের প্রতিবাদ করতে রাস্তায় নেমে এসেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে, খুনিদের বিচার নিশ্চিত না হবে, ততক্ষণ আমরা রাজপথে থাকব। এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বলেন, শিক্ষার্থীরা সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১