বাংলাদেশের খবর

আপডেট : ০৪ August ২০২৪

রংপুরে শিক্ষার্থীদের সঙ্গে আ.লীগের সংঘর্ষ, নিহত ২


রংপুর প্রতিনিধি:

রংপুরে ছাত্রদের সঙ্গে যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের সংঘর্ষে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়াও ২ শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে রংপুর নগরীর টাউন হলের সামনে প্রধান সড়ক বন্ধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ১ দফার আন্দোলন শুরু করে।

এ তথ্য নিশ্চিত করেছেন রমেকের ডেপুটি ডিরেক্টর আক্তারুজ্জামান।

তিনি বলেন, ‘সংঘর্ষে আহত ৩২ জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে নগরীর দেওয়ানবাড়ি ট্রাফিক মোড়ে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের লোকজন একত্রিত হতে থাকেন। পরবর্তীতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের লোকজন দেশীয় অস্ত্র হাতে নিয়ে সুপার মার্কেটের সামনে দিয়ে এসে সিটি বাজারে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এ সময় শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে।

শিক্ষার্থীদের ধাওয়ায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা পিছু হটলে উভয়ের মধ্যে ইট-পাটকেল দিয়ে হামলা শুরু হয়। পরবর্তীতে ছাত্ররা আবারও ধাওয়া দিয়ে আওয়ামী লীগের কর্মীকে ধরে পিটুনি দেয়। এ সময় উভয়ের মারটিপে যুবলীগের দু’জন ও আন্দোলনরত এক শিক্ষার্থী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। মারামারিতে রংপুরে সাংবাদিকসহ ২ শ জনের জনের অধিক আহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

রংপুরে গঙ্গাচড়া উপজেলা থেকে মাহাবুব হোসেন নামে স্থানীয় এক ব্যবসায়ী জানান, সকালে ছাত্ররা এক দফা দাবি নিয়ে গংগাছড়া শহরের ভিতরে শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিল এ সময় আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের ছেলেরা তাদের বাধা প্রদান করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আন্দোলনরত শিক্ষার্থীসহ আওয়ামী লীগ, যুবলীগের অনেকে আহত হয়েছেন। রংপুরের ৮ উপজেলার প্রতিটি এলাকায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক দফা আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। তবে রংপুর নগরীতে শিক্ষার্থীদের সঙ্গে দিনটি জামাত-শিবির ও ছাত্র সমাজের ছেলেরা একত্রিত হয়ে প্রতিটি মোড়ে মোড়ে দেশীয় অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১