বাংলাদেশের খবর

আপডেট : ০৪ August ২০২৪

নীলফামারীর কিশোরগঞ্জ ছাত্ররা দখল করে রাখে তিন ঘণ্টা, যুবলীগ অফিস ভাংচুর


কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

এক দফা এক দাবীতে নীলফামারীর কিশোরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের দখলে ছিল তিন ঘন্টা। ছাত্ররা স্থানীয় শহীদ মিনারের সামনে রাস্তা অবরোধ করে রাখে। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে অবরোধ স্থান। এসময় কোন রকম যানবাহন চলেনি। দোকানপাট ছিল বন্ধ। প্রায় তিন সহস্রাধিক ছাত্র ছাত্রী অবরোধ স্থানে অবস্থান নেয়।

দুপুর একটার পর উপজেলার দিক থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল হাতে লাঠি নিয়ে স্থানীয় শহীদ মিনারে আসলে বিভিন্ন দিক থেকে ছাত্র ছাত্রীরা স্লোগান দিতে দিতে ওই বিক্ষোভ মিছিলে যুক্ত হয়ে তিন সহস্রাধিক ছাত্র ছাত্রীর বিক্ষোভে পরিণত হয়। বিক্ষোভটি স্থানীয় শহীদ মিনার থেকে প্রধান বাজারের দিকে স্লোগান দিতে দিতে যাওয়ার সময় সকল দোকান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে দেখা যায়। নিমিষেই কিশোরগঞ্জ বাজারের সকল দোকান পাট বন্ধ হয়ে যায়। বিক্ষোভটি থানার সামনে গিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। এসময় থানার বন্ধ গেটের অপর দিকে পুলিশ অবস্থান নিলেও বিক্ষোভে কোন বাঁধা দেয়নি। বিক্ষোভটি পরে কিশোরগঞ্জ বাজার প্রদক্ষিণ করে উপজেলার দিকে যাওয়ার সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ব্যানার, ফেস্টুন ভাংচুর করে।

উপজেলা পরিষদের গেট বন্ধ দেখে বিক্ষোভটি পানি উন্নয়ন বোর্ড মোড় হতে ফিরে আবারো কিশোরগঞ্জ বাজারের দিকে যায়। উপজেলা পরিষদের বন্ধ গেটের অপর দিকে অবস্থান নেয়া পুলিশদের দেখে আবারো ভুয়া ভুয়া স্লোগান দেয় এবং বিক্ষোভকারী কতিপয় ছাত্র পুলিশকে লক্ষ্য করে ইট দিয়ে ঢিল ছুড়তে থাকে। এসময় ছাত্ররা ওই সকল ছাত্রদের বিক্ষোভ মিছিলে নিয়ে যায়। পরে বিক্ষোভটি আরও একবার গোটা কিশোরগঞ্জ বাজার প্রদক্ষিণ করে স্থানীয় ঝর্ণা মোড়ে অবস্থান নেয়। এখানে বিভিন্ন স্লোগান দিয়ে প্রায় ২০ মিনিট অবস্থান করে।

পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় শহীদ মিনারে অবস্থান নেয় এবং সড়ক অবরোধ করে ছাত্ররা সেখানে অবস্থান করে। এ বিক্ষোভটি যাওয়ার সময় ছাত্রদের একাংশ স্থানীয় যুবলীগ অফিস ভাংচুর করে। তবে এ বিক্ষোভ চলাকালীন সময় বিভিন্ন অফিসের প্রধান ফটক বন্ধ থাকতে দেখা গেছে। রাস্তা ছিল যানবাহন শূন্য। এ বিক্ষোভে সাধারণ জনগণের মাঝে আতংক বিরাজ করছে। এ বিক্ষোভে জনতাও অংশগ্রহণ করতে দেখা গেছে। তবে ছাত্ররা তাদের হাতে লাঠি নিয়ে এ বিক্ষোভ মিছিল করেছে এবং লাঠি নিয়ে স্থানীয় শহীদ মিনারে বেলা সাড়ে চারটা পর্যন্ত অবস্থান করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১