আপডেট : ১০ August ২০২৪
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় গাজীপুরের শ্রীপুরে ডাকাতির খবর পাওয়া গেছে। ডাকাতি ঠেকাতে তাই দলবেঁধে রাতের বেলায় এলাকা পাহারা দিচ্ছেন ছাত্র-জনতা।উপজেলায় ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত মানুষের।তাছাড়া আতঙ্কে ভোগেন মানুষ। তাই রাতভর গ্রামে গ্রামে পাহারাও দিচ্ছে ছাত্র-জনতা। কোনো এলাকায় ডাকাত প্রবেশের খবর পেলেই মসজিদ থেকে মাইকিং করে সতর্ক করা হয়। ডাকাতির সংবাদ পেলে এলাকাবাসী ফোনে ছাত্র-জনতাকে অবগত করেন। জানা গেছে, উপজেলার মাওনা,কাওরাইদ,তেলিহাটি, রাজাবাড়ি সহ বিভিন্ন এলাকায় রাতে ডাকাত আতঙ্কের সৃষ্টি হয়। আতঙ্কিত মানুষ গভীর রাতে এক বাড়ি থেকে অন্য বাড়ি এবং আত্মীয়স্বজনদের ফোন করে ডাকাতির কথা বলতে থাকেন। এ ছাড়া এলাকার বিভিন্ন মসজিদ থেকে ডাকাত আসার কথা ঘোষণা করতে থাকেন।এদিকে উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী কাওরান বাজার সহ বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি ঠেকাতে গত দুই দিন ধরে রাত জেগে পাহারা দিচ্ছেন এই এলাকার ছাত্র-জনতা। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। রাত ১০টার পর থেকে কেউ এলাকায় প্রবেশ অথবা বের হলে তাদেরকে আগে তল্লাশি করা হয়। এছাড়া সকল যানবাহনও তল্লাশি করে ছেড়ে দেয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রায় প্রতিটি এলাকায় প্রায় হাজারের অধিক যুবক বিভিন্ন পয়েন্টে পাহারা দেন। সেইসাথে চুরি-ডাকাতি ঠেকাতে হ্যান্ডমাইক দিয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন। যুবসমাজের এই প্রশংসনীয় উদ্যোগে এলাকার মধ্যে বর্তমানে স্বস্তি কাজ করছে। এলাকায় দায়িত্বরত যুবকদের সাথে কথা বলে জানা গেছে, নিজ দায়িত্ববোধ থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। যতদিন পর্যন্ত চুরি-ডাকাতির শঙ্কা থাকবে ততদিন আমরা রাত জেগে এই দায়িত্ব পালন করে যাবো। পাশাপাশি অত্র এলাকায় সন্দেহভাজন বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এলাকাবাসী সহজেই যেন তা আমাদের জানাতে পারে সেজন্য আমরা কয়েকটি কন্ট্রোল নাম্বার খুলেছি। ফোন পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে চলে যাবো। এই এলাকা আমাদের। তাই দায়িত্ব আমাদেরই নিতে হবে। এ দিকে, এমন উদ্যোগের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশংসায় ভাসছেন সকলে।সিংদিঘী সামাজিক সংগঠনের উপদেষ্টা পাবেল সরকার বলেন, ‘দেশের এই পরিস্থিতিতে যুবসমাজের দায়িত্ব নিতে হবে। এলাকায় চোর ডাকাতের উপদ্রব বেড়েছে। তাদের প্রতিহত করার জন্য আমরা তরুণরা আমাদের এলাকা পাহাড়া দিচ্ছি। এই দেশ আমাদের তাই নিরাপত্তাটাও এখন আমাদের দিতে হবে। সিংদিঘী সামাজিক সংগঠনের সদস্য অপি সরকার ও কর্ণেল বলেন, ‘গত কয়েকদিন ধরে সারাদেশের ন্যায় শ্রীপুরে বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটেছে। যেহেতু রাস্তায় পুলিশ নেই তার জন্য আমরা খুব আতঙ্কে ছিলাম। এখন আমাদের যুব সমাজ সারা রাত নিরাপত্তার কাজ করছে। এতে আমাদের জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। মাওনা ইউনিয়নের কাওরান বাজার এলাকার মোস্তফা বলেন, 'আমাদের সারাদিন কাজ করে আবার রাতে ডাকাত আতঙ্কে সজাগ থাকতে হচ্ছে। মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম খোকন বলেন,এলাকায় চুরি-ডাকাতি ঠেকাতে রাত জেগে ছাত্র-জনতা পাহারা দিচ্ছে এটা সত্যি প্রশংসনীয় উদ্যোগ।যুবসমাজের এই প্রশংসনীয় উদ্যোগে এলাকার মধ্যে বর্তমানে স্বস্তি কাজ করছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১