বাংলাদেশের খবর

আপডেট : ১৭ August ২০২৪

বাঁশখালীতে ভারী বৃষ্টিপাতে পাহাড়ি পানির ঢলে ডুবে গেছে লোকালয়


বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাঁশখালীতে রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি পানির ঢলে বেশিরভাগ এলাকার লোকালয় ডুবে গেছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি পানির ঢলে উপজেলার পুকুরিয়া, সাধনপুর, কালীপুর, বৈলছড়ি, সরল, পৌরসভা, শীলকূপ, চাম্বল, পুঁইছড়িসহ বিভিন্ন এলাকার লোকালয়ে হাঁটু পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পানি জমে থাকার কারণে মাটির ঘর ভেঙে পড়েছে। অনেকের মৎস্য প্রজেক্ট ও কৃষিজমি ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের পথ বন্ধ করে ঘর বাড়িসহ স্থাপনা নির্মাণের কারণে স্বাভাবিক পানি চলাচলে ব্যাঘাত ঘটছে। যার কারণে সামান্য বৃষ্টি হলেই পানিতে লোকালয় ডুবে যাচ্ছে। তাই জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের পথগুলো দখলমুক্ত করা উচিত।

বৈলছড়ি ইউপির চেচুরিয়া এলাকার আকতারুল হক জানান, ভারী বৃষ্টিপাতের কারণে মাটি ধ্বসে আমার সেমিপাকা বাড়ির দেয়াল ভেঙে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক কষ্টার্জিত টাকায় এই বাড়িটি নির্মাণ করেছি। আমি সরকারের সহায়তা চাই।

সাধনপুর ইউপি চেয়ারম্যান কে এম সালাহউদ্দিন কামাল জানান, ভারী বর্ষণে সাধনপুর ইউপির বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে। পানিতে মাস্টার পাড়ায় একটি মাটির ঘর সম্পূর্ণ ভেঙে মাটি চাপায় দুটি ছাগল মারা গেছে এবং ভূপতি দে কালু ও তার স্ত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কৃষি জমিসমূহ পানিতে ডুবে গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী লিপটন ওম জানান, ইউনিয়ন পর্যায় থেকে ক্ষয়ক্ষতির তালিকা সংগ্রহ করা হচ্ছে। সাধনপুরে একটি ঘর ভেঙে মাটি চাপায় দুটি ছাগল মারা যাওয়ার খবর পেয়েছি।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক জানান, বাঁশখালী প্রধান সড়কের পূর্ব পাশের বেশিরভাগ এলাকা এখনও পানির নিচে। পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে। ক্ষয়ক্ষতি নিরূপণে আমাদের টিম মাঠে কাজ করছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার জানান, পিআইও অফিসে মাধ্যমে ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে পাঠানো হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১