বাংলাদেশের খবর

আপডেট : ১৯ August ২০২৪

নড়াইলে দূর্বৃত্তদের গুলিতে বিজিবি সদস্যসহ ৩ জন গুলিবিদ্ধ


এস এম হালিম মন্টু:

নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানায় দূর্বৃত্তদের ছোড়া গুলিতে একজন বিজিবি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদকসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে বিজিবি সদস্য সোহাগ শিকদারকে (৩৪) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী দুজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করলেও গুলির ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারে নাই। রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার কামঠানা-মোচড়া এলাকার রেল ব্রীজের নিকট এ গুলির ঘটনা ঘটে।

এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা গেছে, রবিবার বিকালে কালনা-যশোর মহাসড়কের আলা মুন্সীর মোড়ে স্হানীয় বিএনপির অফিস উদ্বোধন শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা চা পান করার জন্য মোটরসাইকেলযোগে লোহাগড়ার কাউড়িখোলার দিকে যাচ্ছিল। নেতা-কর্মীরা কামঠানা-মোচড়ার মধ্যবর্তী রেল ব্রীজের নিকট পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাথাড়ী গুলি ছুড়লে একজন বিজিবি সদস্যসহ স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের তিনজন নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়।

আহতরা হলেন, করফা গ্রামের মিজান শিকদারের ছেলে বিজিবি সদস্য সোহাগ সিকদার (৩২), সোবহান শিকদারের ছেলে ও লোহাগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিথুন শিকদার (৩২) ও ওবায়দুর রহমান শিকদারের ছেলে ও লোহাগড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিওন শিকদার (২৫)। ঘটনার পর স্হানীয়রা আহতদেরকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরমধ্যে গুরতর আহত বিজিবি সদস্য সোহাগ শিকদারকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় ঘটনাস্হল পরিদর্শন শেষে বলেন, 'ওই এলাকায় কোন গুলির ঘটনা ঘটে নাই। তবে মারামারির ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১