আপডেট : ২০ August ২০২৪
নওগাঁ প্রতিনিধি: ব্রীজের চার পাশে থই থই পানি।সেখানে একটি রাস্তাবিহীন ব্রীজ আগে থেকেই রয়েছে।নৌকা ছাড়া ব্রীজ পার হয়ে গ্রামে যাওয়া যায়না। রাস্তাছাড়া কোন কাজে আসবে না “উপজেলা, ইউনিয়ন এবং ভিলেজ রোড প্রজেক্ট” (ইউএইচবিপি) এর নির্মিত শংকরপুর বিলের কয়েক কোটি টাকার ব্রীজ।সম্প্রতি শংকরপুর বিলে একটি ব্রীজ নির্মাধীন অবস্থায় দেখা গেছে।রাস্তা না থাকায় এর মধ্যে বন্ধ হয়ে পড়েছে ব্রীজটির নির্মাণ কাজ।নির্মাণাধীন ব্রীজের পাশে রয়েছে আরও একটি রাস্তাবিহীন পুরাতন সেতু।রাস্তা না থাকায় সেটিও কাজে আসছেনা গ্রামবাসীদের।রাস্তাবিহীন সেতুটি দেখে মানুষ এখন হাসি ঠাট্টা করে থাকে। জানা গেছে, নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউপির শংকরপুর বিলের মধ্যে দুপাশে কোন রাস্তা নেই অথচ বিলের মধ্যে এলজিইডির অর্থায়নে ১শত মিটার দৈর্ঘ্যের ব্রীজ নির্মিত হচ্ছে।ব্রীজটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৪ লক্ষ ৫২ হাজার ৭ শত ৪৬ টাকা মাত্র। সরেজমিনে গেলে দেখা যায়, শংকরপুর বিলে থই থই করছে পানি। পানির মধ্যে ডুবে আছে নির্মাধীন ব্রীজ।নির্মাধীন ব্রীজ থেকে গ্রামে দুরত্ব প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার।এর মধ্যে নেই কোন জনবসতি। স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, স্বাধীনতার পর থেকে এই বিলের মধ্যে দিয়ে কয়েকটি গ্রামের মানুষজন চলাচল করে।কিন্তু যাতায়াতের জন্য এখনো উঁচু রাস্তা তৈরি হয়নি।বিলের ভিতর সামান্য পানি বাড়লে ঝুঁকি নিয়ে ছোট নৌকায় করে চলাচল করে কয়েক গ্রামের মানুষ।এই বিলে পারাপারের সময় দূর্ঘটনার শিকার হয়েছেন অনেকে।আগে রাস্তা তৈরি না করে অপরিকল্পিত ভাবে ব্রীজ নির্মাণ হচ্ছে আর এতে বন্ধ হয়ে গেছে নতুন ব্রিজের নির্মাণ কাজ।নির্মানাধীন ব্রীজের পাশেই রয়েছে পুরাতন আরও একটি রাস্তাবিহীন সেতু।শুধুমাত্র রাস্তা না থাকায় বর্ষাকালে সেটিও কোন কাজে আসেনি গ্রামবাসীদের।রাস্তা তৈরি করার পর ব্রীজ নির্মাণ হলে খুবই ভালো হত।কিন্তু দূর্ভাগ্যবশত রাস্তা তৈরি আগে ব্রীজ তৈরি হচ্ছে এখানে।ব্রীজটি নির্মানের পর বিলের মাঝে আর রাস্তা তৈরি হবেতো এমন প্রশ্ন গ্রামবাসীদের মুখে। বিলের জেলেরা জানান, রাস্তা তৈরি হবে বলে বছরের পর বছর অফিস থেকে কত লোক মাপযোগ করে যায় কিন্তু আর রাস্তা তৈরি হয়না।অনেক জনপ্রতিনিধি এসে রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিয়ে গেছেন।কিন্তু ফলাফল শূন্য। স্থানীয়রা আরো জানান, এই বিলের মধ্যে রাস্তাটি তৈরি হলে শংকরপুর, ঘোনা, শালদহ, রোয়াই, ভাতন্ডা, সিংগা ভালুকা, সাবাই ও ভালুকা গ্রামের কয়েক হাজার মানুষ সুফল ভোগ করবে।বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে কষ্ট করে নৌকাতে পারাপার হতে হবে না।কষ্ট থেকে পরিত্রান পেতে স্থানীয়রা অচিরেই ব্রীজটি নির্মানের পাশাপাশি দ্রুত রাস্তা তৈরির দাবী জানিয়েছেন।তাছাড়া এসব এলাকার মানুষজনের কষ্ট আর দুর্ভোগ কোনদিন দূর হবে না। এ ব্যাপারে মান্দা স্থানীয় সরকার প্রকৌশলী শাইদুর রহমান মিঞার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১