বাংলাদেশের খবর

আপডেট : ২৩ August ২০২৪

যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পল্লব বেনাপোলে আটক


যশোর প্রতিনিধি:

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে (৩৫) আটক করেছে বিজিবি।

শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে পল্লব পাসপোর্ট ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিল।বিজিবির জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানান বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার মিজানুর রহমান।

তানজীব নওশাদ পল্লব যশোর জেলার সদর থানার পুরাতন কসবা এলাকার সাইফুজ্জামান পিকুলের ছেলে। সাইফুজ্জামান পিকুল যশোর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যশোর জেলা আওয়ামী লীগ নেতা।

বিজিবির কোম্পানি কমান্ডার মিজানুর রহমান বলেন, সাংবাদিকদের বলেন, আমাদের কাছে গোপন খবর ছিল যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাবেন'।এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন অবস্থানে থাকে। পরে তার পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে গেলে সেখান থেকে আইসিপি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করে। এ সময় তাকে আটক করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী সাংবাদিকদের বলেন,যশোরের সকল সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে। এসব সীমান্ত দিয়ে কোন অপরাধী অবৈধ ভাবে যাতে পালিয়ে যেতে কিম্বা অনুপ্রবেশ করতে না পারে সে জন্য কঠোর নিরাপত্তা জোরদার করেছি। সীমান্তের প্রতিটি বিওপি পোস্টে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আযহারুল ইসলাম বলেন, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে যে সমস্ত পাসপোর্ট যাত্রীরা ভারতে যাচ্ছে তাদেরকে গোয়েন্দা সংস্থার পাশাপাশি ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বরত কর্মকর্তারাও জিজ্ঞাসাবাদ করছেন। যাতে বিগত আওয়ামীলীগ সরকারের কোন এমপি-মন্ত্রী এবং দলীয় নেতা কর্মীরা পালিয়ে যেতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১