আপডেট : ০৩ September ২০২৪
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া চার শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের এক দিন পর গতকাল সোমবার রাত ১০টার দিকে প্রথমে মোহাম্মদ আলী ও রাজু নামের দুজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। সম্পর্কে তারা শ্যালক ও দুলাভাই। এরপর রাত আড়াইটার দিকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ভেসে উঠেছিল। এই দুজনের নাম ফারুক হোসেন ও সবুজ মিয়া। পরে আজ মঙ্গলবার সকালে তাঁদের দাফন হয়। রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্রোতের কারণে উদ্ধার অভিযান অসমাপ্ত রেখেই সোমবার সকালে নদী থেকে উঠে যায়। এরপর থেকে স্বজনেরা নৌকায় চড়ে নদীতে নজর রাখছিলেন। রাতে ভারতীয় সীমানা সংলগ্ন বাংলাদেশ চরের অংশ থেকেই এক এক করে ভাসমান অবস্থায় মরদেহগুলো পাওয়া যায়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জানাজার নামাজ শেষে তাদের মরদেহ দাফন করা হয়। মারা যাওয়া সবার বাড়ি চরমাজারদিয়াড় গ্রামে। এর আগে গত রোববার রাতে চর মাজারদিয়াড় যাওয়ার সময় পদ্মায় এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় ১৬ জন শ্রমিক ছিলেন। ১২ জন সাঁতরে পাড়ে উঠলেও চারজন নিখোঁজ হন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১