আপডেট : ০৩ September ২০২৪
নিজস্ব প্রতিবেদক: ইসলামি সঙ্গীতের মাধ্যমে অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে দেশের অন্যতম ইসলামি সাংস্কৃতিক সংগঠন কলরব। তবে সংগঠনটি যে শুধু সঙ্গীত দিয়েই মানুষের মন জয় করছে, তা নয়; বরং বরাবরের মতো এবারও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছে তারা। গত ২২ আগস্ট থেকে বন্যার্তদের আর্থিক সহায়তার পাশাপাশি তাদেরকে উদ্ধার কার্যক্রমে সরাসরি অংশ নেন কলরবের শিল্পীরা। নোয়াখালী, ফেনী, কুমিল্লা ইত্যাদি জেলাগুলো বন্যাপ্লাবিত হওয়ার পর থেকেই তারা মানবিক কার্যক্রমে নেমে পড়েন। এ প্রসঙ্গে কলরবের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘দেশের বড় একটি অঞ্চলের অসংখ্য মানুষ যখন চরম দুর্বিষহ জীবনযাপনের সম্মুখীন, তখন থেকেই মানবিক কার্যক্রম নিয়ে কলরবের শিল্পীরা সক্রিয় আছেন।’ পাশাপাশি দেশের অন্যতম শীর্ষ দুটি দাতব্য সংস্থা আসসুন্নাহ ফাউন্ডেশন এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ত্রাণ ফান্ডেও উল্লেখযোগ্য একটি অংক আর্থিক সহায়তা হিসেবে কলরব-শিল্পীরা প্রদান করেছেন বলেও বদরুজ্জামান নিশ্চিত করেছেন। সংগঠনটির পরিচালক সাঈদ আহমাদ বলেন, ক্রমশ এ অঞ্চলে বন্যাপরিস্থিতির উন্নতি হচ্ছে। দুর্গত এলাকার জনগণের ভাষ্যমতে- এমন বন্যা তারা নিকট অতীতে দেখেননি। স্মরণকালের ভয়াবহ বিপর্যয়ে পড়েছিলেন তারা। এ বিপদে তাদের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের জনগণ। মত-পথ ভুলে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কাজ করছেন সবাই। আমরা কলরবের শিল্পীরা নোয়াখালী, কুমিল্লা এবং ফেনীসহ বিভিন্ন জায়গায় সাধ্যানুযায়ী মানুষের সেবা করার চেষ্টা করেছি।’ এবারের বন্যায় কয়েকটি টিমে ভাগ হয়ে কলরবের শিল্পীরা ত্রাণ-কার্যক্রম পরিচালনা করেছেন। কার্যক্রমে যারা সশরীরে উপস্থিত ছিলেন, তাদের অন্যতম হলেন- নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান, জনপ্রিয় শিল্পী আবু রায়হান, ইয়াসিন হায়দার, হোসাইন আদনান, তাওহিদ জামিল, ইলিয়াস হাসান, তাহসিনুল ইসলাম প্রমুখ। এর আগেও দেশের নানা ক্রান্তিলগ্নে কলরবের শিল্পীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারা মনে করেন- সঙ্গীত দিয়ে মানুষের মন জয় করার চেয়ে বিপদে তাদের পাশে দাঁড়ানো আরো মহৎ গুণ। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। সেই প্রচেষ্টা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১