বাংলাদেশের খবর

আপডেট : ০৪ September ২০২৪

হামলা আতঙ্কে নির্বাচন কমিশন, কার্যালয়ে প্রবেশে নতুন নির্দেশনা


নিজস্ব প্রতিবেদক:

সরকার পতনের প্রেক্ষাপটে সৃষ্ট পরিস্থিতে হামলা আতঙ্কে ভুগছেন নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। নিরাপত্তার কথা বিবেচনা করে কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে কমিশন।

নতুন নির্দেশনায় কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর জন্য আইডি কার্ড গলায় ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। বলা হয়েছে, এখন থেকে কেউ নির্বাচন ভবনে আইডি কার্ড ছাড়া প্রবেশ করতে পারবেন না।

গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেন নির্বাচন কমিশনের উপসচিব সহিদ আবদুস ছালাম।

আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন ভবনে প্রবেশ ও অবস্থানকালে নির্বাচন কমিশন সচিবালয়, IDEA-2, প্রকল্প, EVM প্রকল্প, SCDECS প্রকল্প, CBTEP প্রকল্প, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে অফিসিয়াল পরিচয়পত্র দর্শনীয়ভাবে ঝুলিয়ে প্রবেশ করা এবং দাপ্তরিক কার্যক্রম চলাকালে ঝুলিয়ে রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনটিতে প্রবেশে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত হয়। এরপর ইসি সচিব শফিউল আজিম তা বাস্তবায়নের জন্য সেবা শাখাকে নির্দেশনা দেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন অফিসের ইসির পাঁচটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে৷ গুঞ্জন উঠেছিল, নির্বাচন ভবনেও হামলা হতে পারে। সেই ভয়ে কর্মকর্তারা ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার কয়েকদিন পর পর্যন্ত ঠিকমতো অফিস করেননি। নির্বাচন কমিশনাররাও অফিসে আসেননি এ সময়ে।

বর্তমানে বিভিন্ন দলের নেতাকর্মীরা নিবন্ধন পাওয়ার দাবি নিয়ে নির্বাচন ভবনে আসছেন। গেল সোমবার (২ সেপ্টেম্বর) একটি দলের কিছু নেতাকর্মী নির্বাচন ভবনে ইসি সচিবের দপ্তরে হট্টগোল করেন। মঙ্গলবারও পাঁচটি দলের নেতাকর্মীরা ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এতে ভীত হয়ে পড়েন অনেকে।

কর্মকর্তারা বলছেন, নির্বাচন কমিশন কি-পয়েন্ট ইনফ্রাসটাকচার (কেপিআই) হওয়ায় নিরাপত্তা জোরদার করতেই হবে। কেউ কোনো ফাঁকে এসে কোনো অপকর্ম করলে যেন সহজে চিহ্নিত করা যায়, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১