আপডেট : ০৬ September ২০২৪
কুষ্টিয়া প্রতিনিধি: পরিবহণ শ্রমিকদের মারপিট ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন পরিবহণ শ্রমিকেরা।শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে এই কর্মবিরতি শুরু করবেন জেলার পরিবহণ শ্রমিকেরা। জেলার শ্রমিক সংগঠনগুলোও এই কর্মবিরতিতে সমর্থন জানিয়েছে। এতে অভ্যন্তরীণ রুটে বাস বন্ধ থাকলেও শুধুমাত্র শুক্রবার ঢাকাগামী বাস চলাচল করবে। এর আগে চলমান দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের আমলাতে দুইটি বাসের গ্লাস ভাঙচুর করেছে সিএনজি চালকরা। এর প্রতিবাদে সন্ধ্যায় মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। কুষ্টিয়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক বাংলাদেশের খবর কে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন,গত মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারায় হিসনা পরিবহণ বাসের গ্লাস ভাঙচুরসহ চারজন শ্রমিককে মারধর করে স্থানীয় সিএনজি চালকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ রুটের বিভিন্ন জায়গায় মারধর ও বাসের গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মধ্যস্ততায় বিষয়টি সমাধান হয়। এরপর অর্ধেক বেলা পড়ে বিকেলে আমলাতে আবারো দুইটি বাসের গ্লাস ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে সিএনজি চালকেরা। এর প্রতিবাদে সন্ধ্যায় মালিক শ্রমিক যৌথভাবে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয়। এই শ্রমিক নেতা আরো জানান, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল আদালত নিষিদ্ধ করেছে। আইন না মেনেও তারা যেমন-তেমনভাবে মহাসড়কে চলাচল করে। তাছাড়া বাসের স্টপেজ থেকেও তারা সিএনজিতে যাত্রী তুলে নেই। এর প্রতিবাদ করলেও সিএনজি চালকেরা পরিবহণ শ্রমিকদের উপর চড়াও হয়। তাই মারধরে ও নিরাপত্তার অভাবে শ্রমিকরা কাজে যেতে চাচ্ছে না। এর সমাধান না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করবো। কুষ্টিয়া বাস মালিক গ্রুপের সভাপতি আক্তারুজ্জামান বাংলাদেশের খবর পত্রিকা কে বলেন,শ্রমিকরা সিদ্ধান্ত নিয়েছে সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবে। তারা কাজে না গেলে পরিবহণ রাস্তায় গড়াবে না। তাই তাদের প্রতিবাদকে আমরাও সমর্থন জানিয়েছি। যেহেতু আগামীকাল ঢাকাগামী বাসগুলো টিকিট বিক্রয় করেছে তাই সেগুলো শুধুমাত্র একদিন(শুক্রবার) চলাচল করবে। এ বিষয়ে ভেড়ামারা সিএনজি স্ট্যান্ডের নেতা সানোয়ার বাংলাদেশের খবর পত্রিকাকে জানান,পরিবহণ শ্রমিকদের অভিযোগ মিথ্যা। আমাদের উচ্ছেদ করার জন্য শ্রমিকরা উঠে-পড়ে লেগেছে। উল্টো কুষ্টিয়ায় সিএনজি চালকরা গেলে চাবি কেড়ে নিয়ে মারধর করা হয়েছে। আবার ওরাই বাসের গ্লাস ভাঙচুর করে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। কুষ্টিয়া ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আখতার বাংলাদেশের খবর পত্রিকাকে বলেন, শ্রমিকদের কর্মবিরতির বিষয়টি আমিও জেনেছি। এ নিয়ে একবার বসাও হয়েছে। তারপরেও কেন এমনটা করলো তা খোঁজ নেওয়া হচ্ছে। সকালে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১