র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দিনাজপুরের বিরামপুরের সীমান্তবর্তী গ্রামে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরী ওয়ান স্যুটার গান ও ইয়াবাসহ ১ দম্পত্তিতে আটক করেছে।
গতকাল শনিবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় জেলার বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কাটলা বাজার গ্রামের মোঃ আজাহার আলীর ছেলে মাদক ও অস্ত্র ব্যবসায়ী মমিনুর ইসলাম মনির (৩৪) ও তার স্ত্রী মনিরা আক্তার (২৬)। আটকের সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান স্যুটার গান, ১ রাউন্ড গুলি ও ১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (৪ জানুয়ারী) রাতে র্যাব ১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী কাটলা গ্রামে থেকে অস্ত্র ও ইয়াবাসহ তাদের আটক করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে।
এ ব্যাপারে বিরামপুর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।





