ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জব্দকৃত বিরল প্রজাতির ৪০টি কচ্ছপ তিতাস নদীতে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার পৌর শহরের বড়বাজার ঘাট এলাকার তিতাস নদীতে ওই সবক চ্ছপগুলোকে অবমুক্ত করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, উপজেলা মৎস্য কর্মকর্তা রৌণক জাহান, উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো: আসাদুজ্জামান কাক্কু, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, ফকির মোড়া বিউপির নায়েব সুবেদার মো. মনির হোসেনসহ বিজিবি ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, বিপুল পরিমাণ কচ্ছপ চোরাইপথে সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে উপজেলার দক্ষিণ ইউনিয়নের ফকির মোড়া ক্যাম্পের জোয়ানরা আব্দুল্লাহপুর সীমান্তে অভিযান চালিয়ে দুটি বস্তায় ভর্তি ৪০টি কচ্ছপ জব্দ করে। তবে এসময় পাচারের কাজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা বন বিভাগের কর্মকর্তা আসাদুজ্জামান কাক্কু জানান, ভারতে পাচারের সময় ৪০টি কচ্ছপ জব্দ করে বিজিবির সদস্যরা পরে কচ্ছপগুলো তাদের কাছে হস্তান্তর করে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে কচ্ছপগুলোকে স্থানীয় তিতাস নদীতে অবমুক্ত করা হয়েছে।





