লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের বর্তমান সদস্য বাদশা মিয়ার বাড়িতে বসে ফেনসিডেলের আসর। আর সেই আসরে ‘স্ত্রী ফেনসিডিল গ্লাসে ঢেলে দিচ্ছেন আর স্বামী ইউপি সদস্য বাদশা মিয়া টাকা নিচ্ছেন’। এমন একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর রাতেই অভিযুক্ত ইউপি সদস্যের ছেলে শাহীন আলমকে (২৩) আটক করেছে থানা পুলিশ। গতকাল রোববার রাতে অভিযুক্ত ইউপি সদস্যেও বাড়ি উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় অভিযুক্ত স্বামী-স্ত্রী পলাতক ছিল বলে পুলিশ জানায়।
এর আগে রোববার দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘ইউপি সদস্যের স্ত্রী স্বপ্না বেগম একজন ফেনসিডিলের দাম ২০ টাকা কম দেয়ায় খারাপ আচরণ করছেন। ওই ব্যক্তি বলছেন, এখানে প্রশাসন আসে না? তখন স্বপ্না বেগম বলেন, এটা মেম্বারের বাড়ি। এখানে প্রশাসন ক্ষমতা রাখে না’। এসময় ফেনসিডিলের দাম ব্যাপারে স্বপ্না বেগম বলেন, ‘আজ দাম বাড়ানোর জন্য ৫০০ মাল ফেরত দিয়েছি। যেখানে কম পাবেন, সেখানে গিয়ে খান। এখানে আসছেন কেন? ইনট্যাক খান, খোলা খাবেন কেন? তখন ওই ব্যক্তি বলেন, ‘সব সময় ইউপি সদস্যের (মেম্বারের) বাড়ি এখানে নিরাপত্তা বেশি। সে জন্য আসি’।
ওই ভিডিওতে আরো দেখা যায়, ‘ফেনসিডিলের টাকা সরাসরি ইউপি সদস্য বাদশা মিয়ার হাতে দেওয়ার সময় তার স্ত্রীর খারাপ আচরণের বর্ণনা দেয় এক ক্রেতা। যা শুনে বাদশা তার স্ত্রীকে বিষয়টি নিয়ে শাসন করেন’। বলেন, ‘২০ টাকার জন্য তোকে কথা বলতে হবে কেন’?
কালীগঞ্জ থানার ওসি এ টি এম গোলাম রসুল জানান, ফেসবুকে মাদক বিক্রির ভিডিও দেখে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ইউপি সদস্যের ছেলেকে আটক করা হয়েছে। ইউপি সদস্য ও তার স্ত্রী পলাতক রয়েছে। তাদেরকেও ধরা হবে। তিনি মাদক নির্মূলে সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে একই উপজেলার মাদক কারবারির ছুরির আঘাতে পুলিশের দুই এএসআইসহ ৪জন আহতের ঘটনার এক মাস পর অভিযুক্ত পলাতক মাদক ব্যবসায়ী তোফাজুলকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গত রোববার গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীকে আদালতের জেল হাজতে পাঠায় পুলিশ।
প্রসঙ্গত: গত ১২মে জেলার উপজলোর কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় পুলিশের অভিযান চলাকালে ওই মামলার ঘটনা ঘটে।





