নেত্রকোনার বারহাট্টার হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের মামলায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক আইন উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে নবম শ্রেণীর এক ছাত্রী বাদী হয়ে বারহাট্রা থানায় ধর্ষণ চেষ্টার মামলা করার পর পুলিশ দুপুরে তাকে নেত্রকোনা শহরের বিএডিসি ফার্ম এলাকা থেকে গ্রেপ্তার করে।
এর আগে গত ১০ জুন বারহাট্রা থানায় এই প্রধান শিক্ষক আইন উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে থানায় মামলা করে বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী।
অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম মামলার বরাত দিয়ে জানান, গত ২৮ ফেব্রুয়ারী স্কুল চলাকালীণ সময়ে আইন উদ্দিন তার অফিস কক্ষে নবম শ্রেণীর ওই ছাত্রীটিকে ডেকে ধর্ষণের চেষ্টা করেন। এর আগে গত ২৫ ফেব্রুয়ারী অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে তার অফিস কক্ষের বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছিলেন। পরে ওই ছাত্রীও থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করে।
অষ্টম শ্রেণীর ছাত্রীর মামলায় আইন উদ্দিন হাইকোর্ট থেকে ৩০ জুন নাগাদ জামিনে ছিলেন। আজকে থানায় নবম শ্রেণীর ছাত্রী ধর্ষণ চেষ্টার মামলাটি দায়ের করলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।





