কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্মৃতি আক্তার (২২) নামের এক প্রবাসীর স্ত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) সকালে উপজেলার হালুয়াপাড়া এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে উক্ত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত "স্মৃতি" ওই এলাকার মানিক মিয়ার মেয়ে। সে একই উপজেলার মসূয়া এলাকার কাতার প্রবাসী আমিন ভূঁইয়ার স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে কাতার প্রবাসী আমিন ভূঁইয়ার সঙ্গে স্মৃতির বিয়ে হয়। তাদের কোনো সন্তান নেই।
কয়েক মাস আগে আমিন ভুঁইয়া কাতার থেকে দেশে এসে স্ত্রী স্মৃতিকে শ্বশুরবাড়ি রেখে আবার চলে যান। এর পর থেকে স্মৃতি বাবার বাড়িতেই থাকতেন। শুক্রবার (১২ জুলাই) সকালে স্মৃতির মরদেহ একটি ভুট্টা ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





