করোনাভাইরাস মোকাবিলায় আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের কাছে ১৫দিন পর্যন্ত ট্রেনের টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রেলসচিব মো. মোফাজ্জেল হোসেন জানান, এখনও ট্রেন বন্ধ রাখার পরিস্থিতি তৈরি হয়নি। আপাতত আমরা প্রত্যেক বগিতে সচেতনতামূলক লিফলেট ও অডিও, ওয়াশরুমে হ্যান্ড স্যানিটাইজার রাখছি। এছাড়া ঢাকা, খুলনা ও বেনাপোল স্টেশনে তাপমাত্রা পরিমাপক যন্ত্র বসিয়েছি। করোনা প্রতিরোধে করোনা ভাইরাস আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের ১৫দিন পর্যন্ত টিকিট বিক্রি না করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, দেশে ইতোমধ্যে ইতালি ফেরত দুইজনসহ তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ভাইরাস ঠেকাতে মুজিববর্ষের অনুষ্ঠানও সংকুচিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব বিষয় মাথায় রেখে রেলওয়ে কাজ করছে।





