অনেকেরই অভিযোগ আইইডিসিআর-এর খোলা হটলাইন বেশিরভাগ সময় ব্যস্ত থাকে। তাই এর সমাধানের জন্য বিকল্প ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আজ বুধবার করোনাভাইরাস-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন ড. ফ্লোরা।
তিনি জানান, অনেকেই এখানে ফোন করে অপ্রয়োজনীয় কথাবার্তা বলেন। এর জন্য আমরা তিনটি ব্যবস্থা নিচ্ছি। ইমেইল ও ফেসবুক আইডি খোলা হয়েছে। সেখানে মেইল ও ইনবক্সের মাধ্যমে জানাতে পারবেন। অ্যাপ খোলা হচ্ছে, সেখানেও জানাতে পারবেন।
তিনি আরও জানান, অনেকেই অভিযোগ করছেন হটলাইন ব্যস্ত থাকে। ইমেইল, ফেসবুক আইডি খোলা হয়েছে। অ্যাপ খোলা হচ্ছে। যারা এ তিনিটি পদ্ধতি জানেন, তারা এই মাধ্যমে অভিযোগ জানাবেন। তারা ফোন করার দরকার নেই। তবে ফোন কলে অন্য কথা বলার দরকার নেই। হটলাইনে যোগাযোগের ক্ষেত্রে বিবেচনা করা দরকার। রোগীর তথ্যগুলো হটলাইনের মাধ্যমেই আমরা পাই।
হটলাইনে গত ২৪ ঘণ্টায় ৮৭৫৮টি কল এসেছে। যার মধ্যে ৪৬৪২টি কল করোনা সংক্রান্ত। ফোন কলের ভিত্তিতে ১৬ জনকে আইসোলোশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, কোভিড-১৯ ছোঁয়াচে তবে এটি মারাত্মক নয়। অনেক ক্ষেত্রেই বাড়িতে থাকলেই এটি ভালো হয়। তবে যেহেতু ছোঁয়াচে তাই সাবধান থাকা ভালো।





