ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও-হু) বলেছে, ব্রিটেনে শনাক্ত হওয়া করোনার নতুন ধরন এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি। বিদ্যমান ব্যবস্থা প্রয়োগ করেই এটাকে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। করোনার নতুন ধরন নিয়ে সৃষ্ট উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে হু এ কথা জানায়। এছাড়া এ নিয়ে হু বৈঠক ডেকেছে বলে গতকাল মঙ্গলবার ইউরোপে সংস্থাটির আঞ্চলিক পরিচালক হান্স ক্লুজে জানান। খবর : বিবিসি ও সিএনএনের।
ব্রিটেন থেকে উদ্ভূত নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল নিয়ে আলোচনার জন্য এ বৈঠক আহ্বান করা হয়েছে। মহামারীর বিবর্তনকে একটি স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে এটি শনাক্ত করায় ব্রিটেনকে ধন্যবাদ জানিয়েছে হু। এক বিবৃতিতে বলা হয়েছে, করোনার নতুন এই রূপটি ভ্যাকসিনের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে কি না তা নির্ধারণের জন্য পর্যাপ্ত তথ্য এখনো পাওয়া যায়নি।
এর আগে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক দাবি করেছিলেন, করোনার নতুন ধরন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তার এ দাবির ব্যাপারে ভিন্নমত পোষণ করছেন হুর জরুরিবিষয়ক কার্যক্রমের প্রধান মাইকেল রায়ান। জেনেভায় এক সংবাদ সম্মেলনে মাইকেল তিনি বলেন, এটিকে আমরা নিয়ন্ত্রণে দেখতে পেয়েছি। তাই সে অর্থে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নয়। তবে এটিকে তার নিজের গতিপথে চলতে দেওয়া যাবে না। ভাইরাসের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বর্তমানে যেসব ব্যবস্থা জারি রয়েছে, সেটাই সঠিক ব্যবস্থা। ডব্লিউএইচওর জরুরিবিষয়ক কার্যক্রমের প্রধান বলেন, আমরা যা করছি সেটাই আমাদের করে যেতে হবে। হয়তো আমাদের তা আরেকটু জোরের সঙ্গে, বেশি সময় ধরে করতে হবে।
করোনার নতুন ধরন সম্পর্কে গত সপ্তাহে তথ্য দেয় যুক্তরাজ্য সরকার। গত শনিবার দেশটি জানায়, করোনার নতুন ধরনের সংক্রমণ ক্ষমতা ৭০ শতাংশ বেশি। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী বরিস জনসন মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেন। করোনার নতুন ধরন ব্রিটেনের বাইরেও একাধিক দেশে ছড়িয়েছে।





