প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ছয়জন। এদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ। দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩।
সোমবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অ্যাপসের মাধ্যমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬ জনের। সর্বমোট ৬২০ জনের। করোনা নিশ্চিত এবং সন্দেহজনকভাবে আইসোলেশনে রাখা হয়েছে ৫১ জনকে। এছাড়া বিভিন্ন জায়গায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন আরো ৪৬ জন।
এর আগে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে আরো দু’জনের মৃত্যু হয়। এর মধ্যে গত ১৮ মার্চ (বুধবার) প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম এক বৃদ্ধের মৃত্যুর খবর দেয় আইইডিসিআর। এরপর গত শনিবার (২১ মার্চ) মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে জরুরি সংবাদ সম্মেলনে আরেকজনের মৃত্যুর খবর দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বিশ্বের প্রায় ১৯২টি দেশে করোনা ছড়িয়েছে। এর মধ্যে ৩৫টি দেশ লকডাউন করা হয়েছে। মৃতের সংখ্যায় শীর্ষে ইতালি। দ্বিতীয় অবস্থানে রয়েছে করোনার উৎপত্তি স্থল চীন। তবে ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইরানসহ বেশ কয়েকটি দেশে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।





