করোনা ভাইরাস সংক্রমণরোধে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশি-বিদেশি পর্যটনের আগমন নিরুৎসাহিত করতে অনির্দিষ্টকালের জন্য সব হোটেল-রিসোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বিদেশফেরত অধিবাসীসহ দেশি-বিদেশি পর্যটকের সংখ্যাকে নিয়ন্ত্রিত করা সম্ভব হবে বলে মনে করেন স্থানীয় প্রশাসন।
গতকাল বুধবার (১৮ মার্চ) শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের অধিকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়- শ্রীমঙ্গল একটি পর্যটন সমৃদ্ধ এলাকা। যেখানে দেশি-বিদেশি অনেক পর্যটকের সমাগম ঘটে। উল্লেখ্য প্রবাসী অধ্যুষিত এলাকায় শ্রীমঙ্গলে ইতোমধ্যে প্রায় অর্ধশতাধিক প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আছেন।
উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে আপনার নিয়ন্ত্রণাধীন হোটেল,মোটেল,রিসোর্ট ও রেস্টহাউজ এ বিশ্বের বিভিন্ন দেশ ও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগমনপ্রত্যাশী পর্যটকদের আগাম বুকিং নেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। এমনকি ইতোমধ্যে নেওয়া বুকিংগুলো বাতিল করতে বলা হয়েছে।
শিগগিরই শ্রীমঙ্গল উপজেলায় হোম কোয়ারেন্টাইনের শর্তভঙ্গের কারণে রোগীদের অর্থ জরিমানা করা হবে বলে জানান ইউএনও মো. নজরুল ইসলাম।





