পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল হোসেন (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
কলাপাড়া থানা পুলিশ টিয়াখালীর বাদুরতলী গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে আবুলকে গ্রেপ্তার করে। তবে মূল হোতা রবিউল চৌকিদার ও অপর সহযোগী জাহিদুল পলাতক রয়েছে।
এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে ওই কিশোরী বাদী হয়ে কলাপাড়া থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুর রহমান জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে ওই স্কুল ছাক্রী কিছু কেনাকাটার জন্য বাসা থেকে নিকটস্থ দোকানে যাচ্ছিল। পথিমধ্যে কিশোরীকে আটকে ফষলী জমিতে নিয়ে একই এলাকার ওই তিন বখাটে যুবক ধর্ষণ চেষ্টা চালায়। এসময় কিশোরীর ডাক-চিৎকারে প্রতিবেশীসহ আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিম ও তার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে আবুল হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আবুল হোসেন বাদুরতলী গ্রামের ফারুক হোসেনের ছেলে।
অপর পলাতক দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।





