কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাস টার্মিনালের উত্তর পাশে সড়কে বাস রাখায় যানজটের সৃষ্টি হচ্ছে। এতে মানুষ দুর্ভোগে পড়ছে। বিশেষ করে টার্মিনালের উত্তর পাশে সড়কে কালভার্ট নির্মাণ করায় সড়কের কিছু অংশ কাটা হয়েছে। বাকী অংশ দিয়ে দক্ষিণ দিকে যানচলাচলের সময় সড়কের ওপর রাখা বাসের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
যাত্রীরা ও পরিবহন শ্রমিকরা জানান, জাঙ্গালিয়া বাস টার্মিনালের উত্তর পাশে একপাশ কাটায় সড়ক সরু হয়ে গেছে। সরু সড়ক দিয়ে পরিবহন টমছম ব্রিজ থেকে পদুয়ার বাজার যাওয়ার সময় জাঙ্গালিয়া টার্মিনালে ওঠতে হয়। সেখানে রিলাক্স ও এশিয়াসহ কয়েকটি পরিবহনের বাস সড়কের ওপর রাখা হচ্ছে। এতে যানচলাচল স্থবির হয়ে পড়ে। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়ে কুমিল্লা-লাকসামসহ বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরা। বাস গুলো পেছনে রাখলে যানচলাচল স্বাভাবিক থাকতো।
সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. রেজা-ই-রাব্বী বলেন, জাঙ্গালিয়া বাসটার্মিনালের উত্তর পাশে কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এই কারণে সড়কের একাংশ কাটা হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে আমরা দ্রুতকাজ শেষের চেষ্টা করছি।এদিকে টার্মিনালের মুখে উত্তর পাশে সড়কে রাখা বাস গুলো পেছনে সরিয়ে রাখার জন্যও বাসমালিকদের আহবান জানাবো।





