কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে মিরাজুল ইসলাম মিরাজ (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
গতকাল সোমবার বিকালে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় ইটভাটার নিকট পদ্মা নদীতে ওই যুবকের লাশ ভাষতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কোলদিয়াড় গ্রামের ইটভাটার নিকট পদ্মা নদীর কিনারে একটি লাশ ভাষতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে তার লাশ উদ্ধার করে নিশ্চিত হয় সে মির্জাপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে মিরাজ। দু’দিন ধরে সে নিখোঁজ ছিল।
মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলমগীর জানান, পদ্মা নদীতে জিন্সের প্যান্ট ও শার্ট পরা এক যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে জানানো হয়। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান, পদ্মা নদীতে এক যুবকের লাশ ভাসছে এমন খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।





