ঢাকার কেরানীগঞ্জে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
আজ শনিবার সকালে উপজেলার তারানগর ইউনিয়নের বটতলী গ্রামের বিএনপি নেতা জলিলের বাড়ির পাশের একটি পুইশাক ক্ষেত থেকে জহিরুল ইসলাম জহির(৩৫) নামে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক একই ইউনিয়নের ইট খোলা গ্রামের মৃত শাহজাহানের ছেলে। সে নেশা গ্রস্থ ছিলো বলে জানিয়েছে এলাকাবাসী।
এলাকাবাসি সুত্রে জানা যায়, নিহত যুবক গত ৩০ এপ্রিল (শুক্রবার) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকদের সাথে এলাকার মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে সোর্স হিসেবে কাজ করছিলো। স্থানীয়দের ধারণা এই কারনেই কয়েক এলাকার মাদকাসক্ত ও মাদক কারবারিরা মিলে তাকে হত্যাকরতে পারে।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক অপারেশন মোঃ আসাদুজ্জামান টিটু বলেন, লোক মারফত খবর পেয়ে সকালে বটতলী চক থেকে এক যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে। নিহতের হাত–পা ভাঙ্গাসহ শরিরের বিভিন্ন অঙ্গে ক্ষত-বিক্ষত চিহ্ন রয়েছে। এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





