গোপালগঞ্জে দু’টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকালে সদর উপজেলার সাতপাড় বাজার ও বোয়ালিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নুর মোহাম্মদ জানান, সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালীয়া বাজারে নাসরিন ট্রেডার্স-এর একটি পাটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।
অপরদিকে, সকাল ১১টার দিকে সদর উপজেলার সাতপাড় বাজারে একটি দোকানে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের চাউলের আড়ৎ রিপন ভাণ্ডারে আগুন ছড়িয়ে পড়ে।
খরর পেয়ে মাদারীপুরের রাজৈর ও গোপালগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।





