মহামারী করোনার মধ্যেও থেমে নেই উন্নয়নমূলক কাজের গতি। একদিকে যেমনই চলছে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ, তেমনই চলছে এলাকার নানামুখী উন্নয়ন কাজ।নানামুখী উন্নয়ন কাজের মধ্যে বরিশাল-১ আসনের সংসদ সদস্য মন্ত্রী আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহথর প্রচেষ্টায় অন্ধকার সড়কে সোলার বাতি স্থাপনের মাধ্যমে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলাকে আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে।ইতোমধ্যে সরকারের টিআর-কাবিখা প্রকল্পের মাধ্যমে দুই উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রামীণ সড়কের গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে সোলার বাতি স্থাপন করা হয়েছে। ফলে এক সময়ের অন্ধকারে থাকা গ্রামীণ সড়কগুলোতে এখন সন্ধ্যা হতেই আলোর ঝলকানিতে বদলে গেছে পুরনো দিনের দৃশ্যপট।
সরেজমিনে দেখা গেছে, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ সড়ক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে এখন শোভা পাচ্ছে সোলার বাতি।অতি সম্প্রতি গৌরনদী থেকে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট পর্যন্ত দীর্ঘ সড়কে সোলার লাইট স্থাপনের কাজ শুরু করা হয়েছে। ইতোমধ্যে গৌরনদী বাস স্ট্যান্ড থেকে আগৈলঝাড়া সড়কের মোল্লাবাড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত লাইট স্থাপণের কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়াও গৌরনদী উপজেলার শেষ সীমান্ত থেকে আগৈলঝাড়া উপজেলার রথখোলা পর্যন্ত সড়কে সোলার লাইট স্থাপনের কাজ শেষ হয়েছে।লাইটগুলো স্থাপনের ফলে সন্ধ্যা হতেই অন্ধকার সড়কে জ্বলে উঠছে আলোর ঝিলিক। দীর্ঘ সড়কে নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ল্যাম্প পোস্ট বসিয়ে সারি সারি সোলার স্থাপন করায় সড়কের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে ব্যাপক। সড়কের পুরো এলাকায় লাইটগুলো স্থাপন করা হলে বদলে যাবে এ সড়কের দৃশ্যপট।অপরদিকে সরকারীভাবে সোলার স্থাপনের পাশাপাশি নিজস্ব উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন সড়কে সবচেয়ে বেশি সড়ক বাতি স্থাপন করে নিজ ইউনিয়নের বাসিন্দাদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু।
গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরে টিআর-কাবিখা প্রকল্পের মাধ্যমে গৌরনদী-পয়সারহাট সড়কে প্রায় ৪৫০টি সোলার বাতি স্থাপন করা হয়েছে।
ট্রাক চালক সোলায়মান হাওলাদার জানান, গৌরনদী-গোপালগঞ্জ ভায়া আগৈলঝাড়া, পয়সারহাট সড়কটি চালু হওয়ার পর থেকে তিনি প্রতি সপ্তাহে মালামাল নিয়ে এ সড়ক দিয়ে যাতায়াত করেন। পূর্বে সড়কটি অন্ধকার থাকায় তাদের অনেক সমস্যা হতো। সম্প্রতি সড়কে বাতি স্থাপন করায় চালকদের অনেক সুবিধা হচ্ছে।
মোটরসাইকেল চালক সুমন তালুকদার জানান, তিনি দীর্ঘদিন যাবত এ সড়কটি দিয়ে চলাচল করছেন। পূর্বে সন্ধ্যার পর থেকে অন্ধকারে থাকা সড়ক দিয়ে পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার পরিবহন চলতে গিয়ে প্রায়ই ছোট ছোট যানবাহনের সঙ্গে দুর্ঘটনা লেগেই ছিল। বর্তমানে সড়কে সারি সারি সোলার বাতি স্থাপন করার ফলে এখন রাতে এ সড়কে দুর্ঘটনা নেই বললেই চলে। এছাড়াও সড়কটি এখন অনেকটাই নান্দনিক হয়েছে।
সড়ক দিয়ে চলাচলকারী একাধিক পথচারীরা জানান, পূর্বে সন্ধ্যা হলেই সড়কটিতে একটা ভুতুড়ে পরিবেশ থাকত। এখন সন্ধ্যা হলেই সড়কের প্রতিটি বাতি জ্বলতে থাকায় পথচারীরা নির্ভয়ে চলাচল করছেন।
বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী বাংলাদেশের খবরকে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণ জনগোষ্ঠীকে শহরের বাসিন্দাদের মতো সুবিধা দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির প্রচেষ্টায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সড়কে বাতি স্থাপন করে সড়কগুলোকে আলোকিত করা হচ্ছে। যা ইতোমধ্যে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।





