রাজধানী ঢাকার ১১৩টি শনাক্ত এলাকার মধ্যে ২৩টি এলাকায় করোনা ভাইরাসে রোগী বেশি আক্রান্ত হয়েছে। এসব এলাকায় মোট রোগীর সংখ্যা ৭৪০জন। যা দেশের মোট আক্রান্তের ৪৬ ভাগ। আর ওই বেশি বিপদ জনক ২৩টি এলাকায় ১০ জন বা তার চেয়ে বেশি আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এসব এলাকাকে রেড জোন ঘোষণা করেছে আইইডিসিআর।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের সবশেষ তথ্য অনুযায়ী ঢাকার ১১৩টি এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৭৪০ জন। সবশেষ ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ১৩২ জন। আর দেশে শনাক্ত হওয়া মোট আক্রান্তের ৪৬ ভাগই রাজধানী ঢাকার বাসিন্দা।।
ঢাকায় বেশি করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ওয়ারিতে ২৭ জন। তারপরই মোহাম্মদপুরে ২৬ জন, যাত্রাবাড়ীতে ২৩, লালবাগে ২১, টোলারবাগে ১৯, ধানমন্ডিতে ১৮, বাসাবোতে ১৭, তেজগাঁওয়ে ১৬, উত্তরা ২০, মহাখালীতে ১২, মিরপুর ১১-তে ১৩, মিরপুর ১২-তে ১১ এবং মিটফোর্ডে ১৭ জন।
তবে সামগ্রিকভাবে মিরপুরে শনাক্ত হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি। ঢাকা মহানগরে আক্রান্ত ৭৪০ জনের মধ্যে ৫০ জনই মিরপুরের। তবে, করোনাভাইরাস প্রথমে টোলারবাগে শনাক্ত হলেও এখন ঢাকার বেশিরভাগ এলাকাই হটস্পটে পরিণত হয়েছে।
ঢাকায় করোনার সংক্রমণ শুরু টোলারবাগ দিয়ে। প্রতিরোধে করা হয় লকডাউন। তারপর বাসাবো। পর্যায়ক্রমে রাজধানীর শতাধিক জায়গা। তারই ধরাবাহিকতায় পুরান ঢাকার ওয়ারি। নেই কোনো প্রতিষেধক। তাই বিশেষজ্ঞদের পরামর্শ সামাজিক দূরত্ব বজায় রাখা। ঘরে থাকা শুধুই ঘরে থাকা।





