ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী সহোদর দুই ভাই নিহত হয়েছে। নিহতরা হলেন- ফিরোজ মোর্শেদ (৩৫) ও তৌহিদুল ইসলাম (২৪)।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজীর শিমলা নামক স্থানে এ দূর্ঘটনায় ঘটে।
জানা গেছে, নিহত দুইভাই গাজীপুর নয়পুর থেকে গ্রামের বাড়ী জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়ায় যাচ্ছিলেন। তাদের বাবার নাম আজিজুল হক। নিহতদের মধ্যে ফিরোজ মোর্শেদ গাজীপুরে ডিবিএল সিরামিকস এ চাকরি করতেন। তার ছোট ভাই তৌহিদুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম ৫৪-২৩০৬) দুর্ঘটনার শিকার মোটর সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহীরা নিহত হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে।





