দেশে ফিরতে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ভারতীয় শ্রমিকদের বিক্ষোভ

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

দেশে ফিরতে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ভারতীয় শ্রমিকদের বিক্ষোভ

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মে, ২০২০

বাগেরহাটের রামপালে ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বাংলাদেশ-ভারত মৈত্রি তাপ বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ কাজে নিয়োজিত ভারতীয় শ্রমিকেরা দেশে ফিরতে আবারো বিক্ষোভ করেছে। এদেশ থেকে নিজ দেশে ফিরে যেতে এবং বকেয়া মজুরি পরিশোধসহ এখানে থাকাকালীন সময়ে মানসম্মত খাবার পরিবেশনের দাবীতে রোববার সকাল থেকে বিক্ষোভ করতে থাকে বিদ্যুৎ কেন্দ্রের প্রায় চার শতাধিক ভারতীয় শ্রমিক।

দুপুরে এসকল শ্রমিকেরা নিজ দেশে চলে যাওয়ার উদ্দেশ্যে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বাইরে চলে আসে। বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন জিরো পয়েন্ট ছাড়িয়ে মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকায় অবস্থান নেয় তারা। এ সময় পুলিশ তাদেরকে বিদ্যুৎ কেন্দ্রে ফিরিয়ে নিয়ে যেতে চাইলে উত্তেজিত হয়ে ভারতীয় শ্রমিকেরা পুলিশের উপর ইটপাটকেল ছুড়তে থাকে। ঘটনার ঘবর পেয়ে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

গত ৩ মে ভারতীয় শ্রমিকদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। দেশে চলমান করোনা পরিস্থিতি ও লকডাউনের মধ্যে তারা তাদের ভিসার মেয়াদ বাড়াতে না পারাসহ বকেয়া মজুরি প্রদাণ ও মানসম্মত খাবার পাওয়ার কারণে দেশে পরিবারের কাছে ফিরতে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় শ্রমিকদের ভারতে পাঠানো, বকেয়া মজুরি পরিশোধ ও মানসম্মত খাবার পরিবেশনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্মত হন। কিন্তু সেই সকল সিদ্ধান্ত কার্যকর না হওয়াতেই ১৩ দিনের মাথায় আবারো বিক্ষোভে ফেটে পড়েন ভারতীয় এ শ্রমিকেরা।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়কের পাশে নেওয়া হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে ১ হাজার ৮০২ জন বিদেশি রয়েছেন। এরমধ্যে ২১ জন চীনের ও ১ হাজার ৩৪৪ জন ভারতীয় নাগরিক কাজ করছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads