নরসিংদীতে সুবিধা বঞ্চিত পথ শিশুর মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে “আলোকিত নরসিংদী” নামে একটি সামাজিক সংগঠন। রোববার সকালে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌর পার্কে অর্ধশতসুবিধা বঞ্চিত পথ শিশুর মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সেমাই ২ প্যাকেট, ১ কেজি চিনি, ১টি নারকেল, ২ প্যাকেট দুধ ও কিছমিচ।
আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেলের সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ, নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, স্থানীয় দৈনিক সময়ের চিন্তার সম্পাদক জয়নুল আবেদীন, নরসিংদী ডায়বেটিকস হাসপাতালের নির্বাহী সদস্য রাসেল বিন হাসনাত, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের চেয়ারম্যান ড. মোয়াজ্জেম হোসেনসহ প্রমুখ।
নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রার্দুভাবের এই সময় পথশিশুরা অনেক মানবেতর জীবন যাপন করছে।ঈদের আনন্দ শুধু নিজের জন্য নয় বরং সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার মধ্য দিয়েই আছে পূর্ণতা। আলোকিত নরসিংদী পথ শিশুদের নিয়ে যে উদ্যোগগুলো নিয়েছে তা খুব প্রশংসনীয়। আলোকিত নরসিংদীর মত যদি সমাজের বিত্তবানরা এইসব পথ শিশুদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে তারা আর অবহেলিত থাকবে না।
আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, ঈদের আনন্দ ভাগ করে নিতে আলোকিত নরসিংদী প্রতি বছরই দুই ঈদে শহরের সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে থাকে। সমাজের সুবিধাবঞ্চিত পথশিশু যারা সব সময়ই দারিদ্রের বেড়াজালে আটকে থাকে।আশেপাশের সবাই আনন্দ উৎসবে মেতে উঠলেও তারা পারে না। সেইসব শিশুদের মুখে একটু হাসি ফোটাতে আর ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নিতে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।





