নরসিংদী বড়বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

নরসিংদী বড়বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১১ মে, ২০২০

করোনাভাইরাস বিস্তার রোধে নরসিংদী বড় বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বণিক সমিতি। সোমবার দুপুরে বণিক সমিতির কার্যালয়ে ব্যবসায়ীদের আলোচনাসভা শেষে নরসিংদী বড়বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন বণিক সমিতির সভাপতি বাবুল সরকার। এসময় বন্ধ হওয়া দোকানগুলোর কর্মচারীদের প্রাপ্য বেতন ভাতা দেয়ার নির্দেশনা দেয়া হয়।

নরসিংদী বাজার বণিক সমিতির সূত্রে জানা যায়, ঈদকে ঘিরে সরকারি নির্দেশনা মোতাবেক রোববার  থেকে দোকানপাট শপিং মল খোলার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের পর শনিবার বিকালে জেলা প্রশাসনের সাথে বাজার বণিক সমিতি ও ব্যবসায়ী নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দোকান খোলা রাখতে ব্যবসায়ীদের সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বেশকিছু শর্ত দেয়া হয়। এসব শর্ত মেনে দোকান খোলা সম্ভব হবে না বলে মতপ্রকাশ করেন বাজার বণিক সমিতি। তবে কোনো ব্যবসায়ী যদি এসব শর্ত মেনে দোকান চালু করতে পারেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার বলে জানানো হয়। এরপর রোববার ও সোমবার দুইদিন ধরে শর্ত না মেনেই অনেকে দোকান খুলতে শুরু করেন। বাজারে বাড়তে শুরু করে ক্রেতা সমাগম। এ অবস্থায় সামাজিক দূরত্ব না মানা ও শর্ত না মেনে মার্কেট খোলা রাখায় করোনা সংক্রমণ ঝুঁকি বাড়ায় নজরদারি শুরু করে পুলিশ।

এ অবস্থায় আজ সোমবার দুপুরে বড় বাজারের বণিক সমিতির কার্য্যালয়ে ব্যবসায়ীদের আলোচনাসভা শেষে বড়বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়। এসময় সমিতির সকল নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

বণিক সমিতির সভাপতি বাবুল সরকার বলেন, বাজার খোলার কারণে বাজারে ক্রেতা সমাগম বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরকারের বেধে দেয়া স্বাস্থ্যবিধি না মেনেইে অনেক ব্যবসায়ী দোকান চালু রেখেছে। যার কারণে করোনা ভাইরাস বিস্তারের সম্ভাবনা রয়েছে। এছাড়া জেলায় করোনা ভাইরাসের রোগীর সংখ্যা বেড়ে গেছে। বাজারের একজন মাছ ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এজন্য করোনা ভাইরাস রোধে সমিতির সকলের মতামতের ভিত্তিতে বাজার বন্ধের সিন্ধান্ত নেয়া হয়। তাই শুধুমাত্র প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দোকান সীমিত আকারে জেলা প্রশাসনের দেয়া সময়সীমার মধ্যে খোলা থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads