পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমাল'র তান্ডবে ৩৭,৭৭৬ টি বাড়ি ঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৮২ টি বাড়িঘর সম্পূর্ণ ক্ষতি হয়েছে বলে জেলা ত্রাণ ও পুর্নবাসন বিভাগ নিশ্চিত করেছে।
পটুয়াখালী জেলা ত্রাণ ও পুর্নবাসন বিভাগের দেয়া প্রতিবেদন সূত্রে জানাগেছে- ঘূর্নিঝড় রিমাল' তান্ডবে পটুয়াখালী জেলায় ৩৭,৭৭৬ টি বাড়ি ঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৮২ টি বাড়িঘর সম্পূর্ণ ক্ষতি হয়েছে। রিমাল'র তান্ডবে জলোচ্ছ্বাস ও ঝড়োহাওয়ায় জেলায় ৮৪, ৫০০ টি পরিবারে ৩ জনের মৃত্যু ও ৩ লক্ষ ৩৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলের ক্ষতি হয়েছে ৭৫৪০ হেক্টর জমির ফসল। যা টাকার পরিমাণ ধরা হয়েছে ২৬ কোটি ২১ লাখ টাকা। রিমালে জেলায় প্রাণী সম্পদ ২৯,২৪০ টি ছাগল, গরু, মহিষ, ভেড়া, হাঁস ও মুরগির ক্ষতি হয়েছে, যা টাকার মূল্য ধরা হয়েছে ১কোটি ৪৫ লাখ ৬৯৩ টাকা।
জলোচ্ছ্বাসে ও ঝড়ো হাওয়ায় ২৩.৬৬ কিঃ মিঃ বেড়িবাঁধ ক্ষতি হয়েছে, যা টাকার মূল্য ১৯ কোটি ৯৩ লাখ টাকা। জলোচ্ছ্বাসে ও অতিরিক্ত বৃষ্টির কারণে ১৪,৯২৮ টি পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে টাকায় ক্ষতি হয়েছে ২৯ কোটি ৬৯ লাখ ৬৪ হাজার টাকা। ঘূর্ণিঝড় রিমালে জেলায় ১২২৪ টি গভীর নলকূপ ও ১২২৪টি হস্তচালিত নলকূপ ক্ষতি হয়। যা টাকায় ক্ষতি ধরা হয়েছে ৩ কোটি ৬ লাখ টাকা। স্বাস্থ্য সম্মত পায়খানা ক্ষতি হয়েছে ৬৬৪১ টি, টাকায় ক্ষতি হয়েছে ৭ কোটি ৯৬ লাখ ৯২ হাজার টাকা। রিমালের তান্ডবে জেলার ৮ টি উপজেলার ৭৫ টি গ্রাম প্লাবিত হয়েছে। ঘূর্নিঝড়ের সময় জেলার ৮২৯ টি আশ্রয়কেন্দ্রে ৫৮ হাজার ৫৫ জন মানুষ আশ্রয় নিয়েছিল বলেও জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা সুমন দেবনাথ তার প্রতিবেদনে উল্লেখ করেছেন।
তিনি আরও জানিয়েছেন, জেলায় ৩৫০ মেঃ টন জিআর চাল, ২১ লাখ ৭৫ হাজার টাকার ত্রাণ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে। এছাড়াও ৮০৯ প্যাকেট শুকনা খাবার, ৬ লাখ টাকার শিশু খাদ্য ও ৬ লাখ টাকার গো- খাদ্যও প্রেরণ করা হয়েছে উপজেলা সমূহে।





