নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রক্ষণাবেক্ষণের অভাবে সরকারের পাইলট প্রকল্পের দুটি সোলার বোট (নৌকা) অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। সোলার বোট দুটি ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে জরাজীর্ণে পরিণত হয়েছে। সরকার টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) ২০১৮ সালে দেশের তিনটি স্থানে পাঁচটি নৌকা পরীক্ষামূলকভাবে সৌরশক্তি দিয়ে চালানোর জন্য এ প্রকল্প হাতে নেয় ।
বোটগুলোর মধ্যে দুটি বোট সোনারগাঁয়ের পানাম নগরীর পাশে লেকে নষ্ট হয়ে পড়ে রয়েছে। সরকারি সম্পদ অযত্নে অবহেলায় নষ্ট হওয়ার কারনে অনেকেই ক্ষোভ জানিয়েছেন।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌরশক্তি ব্যবহার করে নৌকা চালানো যায় কি-না তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়ার পর স্রেডা সৌর চালিত নৌকা তৈরির পাইলট প্রকল্প হাতে নেয়।
টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) ২০১৮ সালে দেশের তিনটি স্থানে পাঁচটি নৌকা পরীক্ষামূলকভাবে সৌরশক্তি দিয়ে চালানোর জন্য সংশ্লিষ্টদের সঙ্গে চুক্তি করে। এ ৫টি সোলার বোটের ব্যয় ছিল ৭৮ লাখ টাকা। এর মধ্যে রাজধানীর হাতিরঝিলে একটি, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পানাম নগরের লেকে দুটি এবং চট্টগ্রামের ফয়েজ লেকে দুটি সৌরচালিত নৌকা রয়েছে।
সরেজমিনে পানাম নগরীর লেকের ঘাটে গিয়ে দেখা যায়, নৌকা দুটি পানাম নগরীর পাশ ঘেঁষে লেকের পাড়ে অযত্নে পড়ে রয়েছে। পানির নিচে ১টি নৌকা অর্ধেক ডুবে রয়েছে। সোলার প্লান্ট নষ্ট হয়ে গেছে। সরকারের পাইলট প্রকল্পটি অংকুরেই ধ্বংস হয়ে যাচ্ছে। নৌকা দুটির ব্যাটারি ও অন্যান্য আসবাবপত্র নৌকা থেকে চুরি হয়ে গেছে।
এলাকাবাসী জানান, নৌকা দুটি এখানে আনার পর কোন কাজেই আসেনি। শুনেছি এগুলো সরকারের কোন এক প্রকল্পের। ৩ বছর হলো এগুলো এভাবেই পড়ে রয়েছে। সরকারের মালামাল এভাবেই ধ্বংস হয়। আবার ধরতে গেলেও ঝামেলা হয়।
পানাম নগরীরর পাশ্ববর্তী দুলালপুর গ্রামের কবির হোসেন জানান, পানাম নগরীর সোলার নৌকার প্রতি পর্যটকদের আগ্রহ থাকায় এলাকার অনেকেই নৌকা দুটির ইজারা নিতে চেয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা চাহিদা অনুযায়ী ইজারা মূল্য না পাওয়ায় ইজারা দেননি। ওই সময়ে ইজারা দিলে সরকারের সম্পদ নষ্ট হতো না।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পানাম নগরীর তত্ত্বাবধায়ক দবির হোসেন জানান, ২০১৮ সালে তৎকালীন নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত এলাকায় অধিদপ্তরের কাউকে না জানিয়েই পানাম লেকে নৌকা দুটি রেখে যান। আমি নতুন যোগদান করেছি এ বিষয়ে আমার আর কিছু জানা নেই।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম জানান, এ বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। এ সম্পর্কে আমার কিছুই জানা নেই। আমি সরেজমিন গিয়ে নৌকা দুটিকে সচল অথবা অন্যত্র হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।





