সারা দেশ

পিটিয়ে হত্যার পর লাশ হাসপাতালে, বেওয়ারিশ হিসেবে দাফন

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মে, ২০২১

কুমিল্লায় মনির হোসেন (৪৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যার পর লাশ ফেলে আসা হয় হাসপাতালে। পরিচয় না পেয়ে বেওয়ারিশ হিসেবে তার লাশ দাফন করা হয়েছে।

আজ সোমবার এই ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী সালমা বেগম।

নিহত মনির হোসেন কুমিল্লা নগরীর অশোকতলা এলাকার আবদুল জাব্বারের ছেলে। তিনি কুমিল্লা সদর উপজেলার দূর্গাপুর দিঘিরপাড় এলাকায় শ্বশুর বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।

মামলায় উল্লেখ করা হয়, মনির বিভিন্ন গৃহস্থালি সামগ্রী ফেরি করতেন। দুর্গাপুর এলাকায় আসামি তৌহিদের মোবাইল ফোন মেরামতের দোকান রয়েছে। মনির তার ফোনটি ঠিক করতে দিলে তৌহিদ মেরামত না করে ফেলে রাখে। এনিয়ে তাদের মধ্যে তর্ক হয়। এরই জেরে তৌহিদ, এরশাদ, আজাদ,আরিফ,ইকরাম,আমির,জাহিদসহ আরো কয়েকজন মিলে মনির হোসেনকে গত বুধবার তুলে নিয়ে যায়। এরপর কয়েক দফা মারধর করে মনিরকে আটকে রাখে তারা। এতে মনিরের মৃত্যু হয়। গত বুধবার খোঁজাখুজি করে তার কোন সন্ধান পায়নি স্বজনরা। বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজের ভর্তি রেজিস্ট্রারে মনিরের ভর্তির তথ্য থাকলেও বিস্তারিত পরিচয় ছিলো না। রোগী কিংবা লাশও পাওয়া যায়নি। সর্বশেষ রোববার রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ছবি দেখে তাকে শনাক্ত করেন স্বজনরা। জানতে পারেন বেওয়ারিশ হিসেবে তাকে নগরীর টিক্কাচর কবরস্থানে দাফন করা হয়েছে।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, এবিষয়ে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি রহস্যজনক, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads