কক্সবাজারের পেকুয়ায় অস্ত্র ও গুলিসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া সাপেরগারা এলাকা থেকে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) সুমন সরকারের নেতৃত্বে একদল পুলিশ তাদের আটক করেন। আটককৃতরা হলেন একই এলাকার মৃত আকবর আহমদের ছেলে আবু তালেব (৪৭) ও মোরশেদ (২২)। তারা সম্পর্কে পিতাপুত্র।
স্থানীয় বাসিন্দারা জানান, আবু তালেব ও মোরশেদের নেতৃত্বে একটি ডাকাতদল দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় অস্ত্র বেচাকেনা, ডাকাতি, ছিনতাই, চুরি করে আসছিল। তাদের কাছে জিম্মি ছিল শিলখালীর জারুলবুনিয়া ও টইটংয়ের মধুখালী এলাকার দশ হাজার মানুষ।
পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু তালেব ও মোরশেদকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। অস্ত্রসহ আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।





